সড়ক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি গ্রামে অবস্থিত বাজারের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে আছে। সাত বছর ধরেও রাস্তাটি মেরামত করা হয়নি। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা গ্রামবাসী আশা করেছি, রাস্তাটি সংস্কার করা হবে। কিন্তু ৩৪ মাসেও জালকুড়ি ৯ নম্বর ওয়ার্ডে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। ২০১২-১৩ অর্থবছর থেকে আমরা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিয়মিতভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে উন্নয়ন কর দিয়ে আসছি। 
ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে মাতবর বাজার পর্যন্ত এবং তালতলা থেকে ২ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি ২০১২ সালে একবার নামে মাত্র মেরামত করা হয়েছিল। মেরামতের দুই মাসের মধ্যেই রাস্তাটি আবার আগের মতো হয়ে যায়। জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে মাতবর বাজার এক কিলোমিটার রাস্তা এবং তালতলা থেকে ২ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটার রাস্তা একটু বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
৯ নম্বর ওয়ার্ড কমিশনারের বাড়ি ওই জালকুড়ি বাজারসংলগ্ন। তিনিও এ রাস্তার কিছু করতে পারছেন না। কিন্তু ৯ নম্বর ওয়ার্ডের যেসব রাস্তা দিয়ে কোনো সময় কোনো রিকশা বা অটোরিকশা যাতায়াত করে না, সেসব রাস্তা পর্যায়ক্রমে মেরামত করা হচ্ছে। এলাকার প্রভাবশালীদের কারণে ওই সব রাস্তা মেরামত করা হচ্ছে বলে এলাকাবাসী মনে করেন। তাই জালকুড়ি ৯ নম্বর ওয়ার্ডের গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি, অনতিবিলম্বে জালকুড়ি বিশ্বরোড থেকে মাতবর বাজার এবং তালতলা থেকে ২ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা মেরামত এবং গ্রামবাসীর দুঃখ-দুর্দশা লাগব করে যাতায়াতের সুবিধা করে দেওয়ার নির্দেশ প্রদানের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি।
আবুল কাশেম সিকদার
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।