সড়ক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মগবাজার-মৌচাক উড়ালসড়কের নির্মাণকাজ এখন পুরোদমে চলছে। একে তো নির্মাণসামগ্রী যেখানে-সেখানে পড়ে আছে, তার ওপর আবার মূল সড়কের বেহাল অবস্থার কারণে এখন মৌচাক-মালিবাগ-মগবাজার সড়কে চলাচল করাই দায় হয়ে উঠেছে।
এ সড়কে বর্ষার সময় পানি–কাদার কারণে চলাচল করা খুব কঠিন ছিল। আর এখন ধুলাবালির কারণে চলাচল করা দায়। বিশেষ করে, যাঁদের হাঁপানির সমস্যা আছে, তাঁদের এ সড়কে যাতায়াত করা খুবই ঝুঁকিপূর্ণ। আবার যে সুস্থ মানুষেরা এ সড়কে যাতায়াত করে, তাদের অ্যাজমাসহ দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কাজ শুরুর পর সড়ক ভেঙে যাওয়ায় সড়কের কিছু অংশে ইট বিছানো হয়েছিল। কিন্তু সেটাও যথাযথভাবে করা হয়নি। ফলে মালিবাগ থেকে মৌচাক ২০০ মিটারের মতো জায়গা পাড়ি দেওয়ার সময় গাড়ি এমনভাবে দোলে যে মানুষের মনে হয় যে তারা নৌকা ভ্রমণ করছে।
এ অবস্থায় নির্মাণ সংস্থাকে অপ্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নিয়ে মূল সড়ক সংস্কারের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া জরুরি। সে দায়িত্ব যদি তাদের না হয়, তাহলে সিটি করপোরেশনকে সে দায়িত্ব নিতে হবে। যাত্রাবাড়ী উড়ালসড়ক নির্মাণের সময়ও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
সরকারি সংস্থা বা নির্মাণ প্রতিষ্ঠান কেউই তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মানুষ এভাবে দুর্ভোগ পোহাতে পারে না।
নুরুল ইসলাম, মালিবাগ, ঢাকা।