কক্সবাজার শহরের বৌদ্ধমন্দির সড়কের পাশ দিয়ে বাজারঘাটা হয়ে বাকখালী নদীর সঙ্গে সংযুক্ত পৌরসভার ১০-১২ ফুট প্রশস্ত ও পাঁচ ফুট গভীর পাকা নালাটির অবস্থা অত্যন্ত শোচনীয়।
একটু বৃষ্টি হলেই রাস্তা আর নালা আলাদা করার উপায় থাকে না। বৃষ্টির পানির সঙ্গে পাহাড় থেকে নেমে আসা বালুতে বর্তমানে ওই নালাটি সম্পূর্ণ ভরাট হয়ে যাওয়ায় নালা দিয়ে বৃষ্টির পানি আর নামে না।
নালার দুটি বক্স কালভার্টের তলদেশ বালুতে ভরাট থাকায় সামান্য বৃষ্টির পানিও কালভার্টের নিচ দিয়ে প্রবাহিত হতে পারে না। ফলে পাশের বৌদ্ধমন্দির সড়কের ওপর দিয়েই বৃষ্টির পানি নামে, আর প্রধান সড়কের বাজারঘাটা অংশটি পানিতে দুই-তিন ফুট ডুবে থাকে।
এক পশলা বৃষ্টি হলেই বৌদ্ধমন্দির সড়ক ও বাজারের প্রধান সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে বৌদ্ধমন্দির সড়ক ও প্রধান সড়কটির বাজারঘাটা অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্ষায় সব সময়ই সড়ক দুটি পানিতে ডুবে থাকায় দুই বছর আগে ঢালাই করা কংক্রিট উঠে যেতে শুরু করেছে।
পৌরসভা প্রতিবছর বর্ষা শুরু হলেই নালা থেকে সামান্য বালু অপসারণের উদ্যোগ নিয়ে থাকে। এ ছাড়া নালা ভরাট হয়ে রাস্তার সমান হয়ে যাওয়ায় পৌরসভা-বৌদ্ধমন্দির সড়কটি উঁচু করে আরসিসি ঢালাই দিয়ে রাস্তা পুনর্নির্মাণ করা হয়েছে।
নালার বালু না সরিয়ে সড়কটি উঁচু করার কারণে দুই পাশের বাড়িগুলো এখন এতটা নিচু হয়ে গেছে যে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য বাড়িওয়ালাদের মোটর পাম্প ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় জনস্বার্থে বিষয়টির দিকে নজর দেবে বলে আমরা আশা করি।
নাজমূল ইসলাম
বৌদ্ধমন্দির সড়ক, কক্সবাজার।