সড়কমন্ত্রীর কাছে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর তৎপরতার কারণেই পরিবহনব্যবস্থায় অনেকটা শৃঙ্খলা ফিরে এসেছে—এ কথা বলতে দ্বিধা নেই। তবে রাতারাতি সবকিছু ঠিক হবে, এটা আশা করা ঠিক নয়।
ফিটনেসবিহীন গাড়িগুলো ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ১০ নভেম্বর অভিযান শুরু হয়েছে। এর ফলে পরিবহনব্যবস্থায় আরও শৃঙ্খলা ফিরে আসবে। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা সোয়া তিন লাখের মতো।
একজন পরিবহন ব্যবসায়ী হিসেবে আমার অভিজ্ঞতা, কোনো মালিকই তাঁর গাড়ি ফিটনেসবিহীন রাখতে চান না। নানা কারণে ফিটনেস করা হয়ে ওঠে না। এর মধ্যে অন্যতম বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ প্রদান ও হয়রানি উল্লেখযোগ্য। এসব গাড়ির সিংহভাগই ফিটনেস পাওয়ার উপযোগী। অনেক নতুন গাড়িরও অনেক সময় ফিটনেস করা হয় না।
অনেক মালিক ফিটনেস করানোর জন্য নভেম্বর-ডিসেম্বর মাসকে বেছে নেন। কারণ, এ সময় অনেক বছর জরিমানা মওকুফ করা হয়। গত বছরও জরিমানা মওকুফ করা হয়েছিল।
মন্ত্রী নিশ্চয়ই অবগত আছেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোটের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পরিবহন খাতের। কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় ব্যাংক অনেক গাড়ি জব্দ করে নিয়েছে। অনেক মালিক পথে বসেছেন। সহায়-সম্বল হারিয়ে অনেকে আজ নিঃস্ব।
অভিযানে গাড়ি জব্দ, মামলা হলে মালিকেরা আরও ক্ষতিগ্রস্ত হবেন। মালিকদের সঙ্গে চালকেরাও পথে বসবেন। ফিটনেস করার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়ে অভিযান শুরু করলে বেশি উপকৃত হতেন মালিক, চালক ও যাত্রীরা। তাই মন্ত্রীর
কাছে আবেদন, জরিমানা মওকুফ করে ফিটনেস করার একটা সুযোগ দিন। এতে সরকার যেমন রাজস্ব পাবে, তেমনি লাভবান হবেন মালিক-শ্রমিকেরা।
সিরাজুল ইসলাম
পরিবহন ব্যবসায়ী, গোয়ালন্দ, রাজবাড়ী।