সড়কের সংস্কারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলার বানিয়াচং বড় ও প্রসিদ্ধ গ্রাম। হবিগঞ্জ জেলা শহর থেকে বানিয়াচং উপজেলা সদরের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এই রাস্তার সংস্কারকাজ দীর্ঘদিন ধরে করা হচ্ছে না। সরকার থেকে বরাদ্দকৃত টাকার কার্যাদেশ পেয়েও দীর্ঘদিন ধরে অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট ঠিকাদার কাজ থেকে বিরত রয়েছেন।

এ ব্যাপারে হবিগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলমের বক্তব্যও পরিষ্কার নয়। একবার তিনি বলেছেন, হরতাল-অবরোধের কারণে মালামাল যথাস্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আরেকবার তিনি এক সাক্ষাৎকারে সংস্কারকাজের শিডিউল দেখিয়ে বলেছেন, শিগগির কাজ শুরু হবে, যা স্থানীয় বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। কিন্তু আজও হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সংস্কারকাজ শুরু হয়নি।
এ কারণে ওই সড়কে চলাচলকারী বানিয়াচং-আজমীরিগঞ্জ উপজেলার লাখ লাখ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। যত প্রতিবন্ধকতাই থাক, আমরা চাই দ্রুত সড়ক সংস্কার করে আমাদের চলাচলের পথ নিষ্কণ্টক করুন।
তমাল বিশ্বাস
বানিয়াচং, হবিগঞ্জ।