চারদিকে নায়ক খুঁজতে গিয়ে আজকাল একরকম ব্যর্থই হতে হয়। উদাহরণ দেওয়ার মতো মানুষ এখন বিরল। ১৮ সেপ্টেম্বরের প্রথম আলোর দ্বিতীয় পাতায় একটি খবরের শিরোনাম ছিল ‘সততার পুরস্কার’। বাংলাদেশি লোকটি চাকরি করেন আরব আমিরাতের দুবাই ট্যাক্সিতে, তাঁর পুরো নাম আরিফুল ইসলাম। আরিফুলের এক যাত্রী বাংলাদেশি টাকায় ৫০ লাখ টাকা ট্যাক্সিতে ফেলে রেখে গিয়েছিলেন। সারা দিন পরিশ্রমের পর ক্লান্ত আরিফুল দেখলেন, ওই বহু মূল্যবান ব্যাগটি তাঁর ট্যাক্সিতে পড়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে সরকারের যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষকে অবহিত করে নিজে গিয়ে তা জমা করে আসেন ওখানে। পরে কর্তৃপক্ষ সেই যাত্রীকে ডেকে এনে আরিফুলের উপস্থিতিতেই তাঁকে সেই ব্যাগটা ফিরিয়ে দেয়।
পাঠক, একবার ভাবুন, ও রকম অবস্থায় অধিকাংশ মানুষ কী করত? ধারণা করা যায়, অধিকাংশ মানুষই ওই টাকাটা নিয়ে চম্পট দিত। কিন্তু আরিফুল সেটা করেননি, তার জন্য তাঁকে ধন্যবাদ। আর আমরা গর্বিত এই কারণে যে তিনি একজন বাঙালি। আমাদের জাতির জন্য গর্বের একটি কাজ করেছেন তিনি। আমরা স্বপ্ন দেখি, আমরা সবাই আরিফুলের মতো হব।
চৌধুরী মঞ্জুর লিয়াকত, ঢাকা।