যত দূর মনে পড়ে দিনটি ছিল ২০১৩ সালের ১৬ জুন, রোববার। একটি এফএম রেডিওতে ‘কিবরিয়া ভাই’ নামক একজন ব্যক্তি বললেন ‘সাহস আছে সত্য বলার?’ ভাবলাম, এটা আবার কী? সত্য বলার সাহস থাকবে না কেন? কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে। যখন শুনি একজন ব্যক্তি তাঁর নিজের জীবনের খারাপ অধ্যায়গুলো উন্মোচন করছেন বিশ্ববাসীর সামনে এবং তাঁকে সহযোগিতা করে যাচ্ছেন কিবরিয়া ভাই। কিছুক্ষণ পর বুঝতে পারলাম অনুষ্ঠানটির নাম ‘যাহা বলিব সত্য বলিব’।
কিছুদিন পর ‘যাহা বলিব সত্য বলিব’ অনুষ্ঠানের রূপরেখা পরিবর্তিত হলো। আমার মনে হয়, এই অনুষ্ঠান সার্থক হয়েছে। এই অনুষ্ঠানে এসে যাঁরা নিজেদের সাহসিকতার পরিচয় দেন, প্রকৃত পক্ষে তাঁরা প্রশংসনীয়। কেননা, তাঁদের সাহসিকতার মাধ্যমে যতটুকু না তঁারা উপকৃত হন, তার চেয়ে বেশি উপকৃত হন তাঁরা, যাঁরা এই অনুষ্ঠানটি শোনেন। ঘটনাগুলো খেয়াল করলে অনুধাবন করা যায়, কৈশোরে মানুষের জীবন অন্যদিকে মোড় নেয়। তাই আমি মনে করি, অনুষ্ঠানটি কিশোরদের জন্য একটি সতর্ক বার্তা।
তারা এটা শুনলে উপকৃত হবে। এ রকম অনুষ্ঠান আরও হোক, আমরা তাই চাই।
রাফসান আবির, সিলেট।