দেশে লাখ লাখ চাকরিপ্রার্থী রয়েছেন, যাঁরা প্রতিদিন চাকরির আবেদন করার জন্য ছবি ও কাগজপত্র সত্যায়িত করতে প্রথম শ্রেণির কর্মকর্তাদের পেছনে ছোটেন; শিকার হন সীমাহীন দুর্ভোগের। শুধু চাকরিই নয়, দেশে শিশু থেকে বয়স্ক পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সব নাগরিককে পড়াশোনা, পাসপোর্ট আবেদন, বিভিন্ন নাগরিক সুবিধা নেওয়ার জন্য ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদসহ বিভিন্ন কাগজপত্র বাধ্যতামূলকভাবে সত্যায়িত করতে হয়।
সরকার-নির্ধারিত প্রথম শ্রেণির কর্মকর্তার কাছে সত্যায়িত করতে গেলে ওই কর্মকর্তাকে ম্যানেজ করতে পারা রীতিমতো ভাগ্যের ওপর ছেড়ে দিতে হয়। এ সময় সরকারি ওই কর্মকর্তার কটু কথা বা বাজে আচরণও হজম করতে হয়। এসব ঝামেলা এড়াতে কেউ কেউ জালিয়াতির আশ্রয় নেন। অনেকেই ভুয়া ‘সত্যায়িত’ সিলমোহর বানিয়ে জাল সই দিয়ে নিজের সত্যায়ন ‘নিজেই’ করেন, যদিও সব কাগজপত্র আসল।
সরকারি চাকরির আবেদনে হয়রানি কমাতে গত বছরের সেপ্টেম্বর মাসে সত্যায়ন বন্ধ করতে পদক্ষেপ নিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে তা শুধু পিএসসির আবেদনের ক্ষেত্রেই মানা হয়। সত্যায়ন বিষয়ে সরকারের উচিত সহজ ও বিকল্প ব্যবস্থা গ্রহণ করা। এতে চাকরিপ্রার্থীরা অযাচিত বিড়ম্বনা থেকে রেহাই পাবেন। আর নিয়োগের আগে তো সত্যাসত্য যাচাই করা হয়ই।
কায়েস চৌধুরী, কক্সবাজার।