‘সত্যায়িতের সত্যতা কত?’ বিভিন্ন ক্ষেত্রে ভর্তি কিংবা আবেদন করতে হলে নিজের ফটো বা শিক্ষাগত যোগ্যতার সনদ, চারিত্রিক সনদ প্রথম শ্রেণির কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে জমা দিতে হয়। কারও সনদের রোল নম্বর ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা বোর্ডে সার্চ দিলেই তো তার সব তথ্য বেরিয়ে আসবে। এখানে সত্যায়িতের দরকার কী? তাহলে কি নিয়োগকর্তাদের শিক্ষা বোর্ডের দেওয়া কাগজপত্রে সন্দেহ আছে?
সবচেয়ে মজার ব্যাপার হলো চারিত্রিক সনদ। যে মানুষটা আরেকজনকে জীবনে দেখেননি, তিনি কি না মাত্র দুই মিনিটের সাক্ষাতে তাঁর সারা জীবনের চারিত্রিক সনদ দিয়ে দিচ্ছেন! এর সত্যতা কতটুকু? আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমি যে প্রথম শ্রেণির কর্মকর্তা দ্বারাই সত্যায়িত করিয়েছি, সেটা কি সত্য?! জানামতে, বেশির ভাগ শিক্ষার্থীর কাছেই এখন কমপক্ষে একটা সিলমোহর থাকে, যা দিয়ে সে নিজেই সত্যায়িত করে। যারা আসলে সৎ, শুধু তাদেরই কষ্ট করতে হয়। কাগজপত্র নিয়ে ছুটতে হয় এক কর্মকর্তার কাছ থেকে আরেক কর্মকর্তার কাছে। তাঁরাও তো অনেক ব্যস্ত থাকেন।
এই মিথ্যায় ভরা বিরক্তিকর সত্যায়িত প্রথা বন্ধ হোক। এ জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
হোসাইন আহমেদ
বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ।