এসএসসি বা এইচএসসি পরীক্ষার সনদে নিজের বা পিতার নাম ভুল থাকলে কী হয়, তা ভুক্তভোগী মাত্রই জানেন। ভুল থাকাটা যেন মহাপাপ, আর তার প্রায়শ্চিত্ত করানোর জন্য বোধ হয় শিক্ষা বোর্ড তা সংশোধনের এই বিশাল ও দীর্ঘ প্রক্রিয়া উদ্ভাবন করেছে। এখনো নাম সংশোধন করতে হলে প্রথমে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হয়, তারপর সেটার কাটিংসহ ফরম পূরণ করে স্কুল বা কলেজের প্রধানের স্বাক্ষর করাতে হয়। এরপর ফিয়ের টাকা ব্যাংক ড্রাফট করে তার রসিদ এই ফরমের সঙ্গে জমা দিতে হয়।
এখন যিনি ঢাকায় থাকেন, অথচ এসএসসি পাস করেছেন ধরুন কিশোরগঞ্জ থেকে, তাঁকে এই সংশোধন করার জন্য স্কুল/কলেজের প্রধানের স্বাক্ষর নিতে নিজ গ্রামে যেতে হবে। তারপর শিক্ষা বোর্ডে সেটা জমা দেওয়ার পর কত দিন লাগবে, সেটা বলার সাধ্য তো কারও নেই।
স্বাধীন রাষ্ট্র নিজের নাগরিকদের এভাবে হেনস্তা করতে পারে না। অন্য কথায় বলা যায়, পরাধীনতাই বোধ হয় আমাদের কাছে শ্রেয়। আমাদের দেশের জ্ঞানী-গুণী মানুষেরাও এ বিষয়ে প্রশ্ন তোলেন না, সত্যি ভাবতে অবাক-ই লাগে।
এডওয়ার্ড গৌতম, ঢাকা।