স্বাধীনতা লাভ করার দেড় বছরের মাথায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত দারিদ্র্য ও নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যকে সামনে রেখে ‘প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৭৩-৭৮)’ গ্রহণ করা হয়। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ১২টি লক্ষ্য নির্ধারণ করা হয়, যার মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লক্ষ্য ছিল যথাক্রমে দারিদ্র্য দূরীকরণ, যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন ও জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৫ শতাংশে উত্তীর্ণ করা।
এখন সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এতে মানসম্মত শিক্ষা এবং সুশাসন নিশ্চিত করার ওপর জোর দেওয়া দরকার। কারণ, মানসম্মত শিক্ষা এবং সুশাসনের অনুপস্থিতি উন্নয়নের বড় অন্তরায়।
ইতিপূর্বে গৃহীত ছয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনায় যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়, তা বিশ্লেষণ করলে বিশেষভাবে যা পাওয়া যায় তা হলো ১. দারিদ্র্য ও নিরক্ষরতা দূরীকরণ এবং জনগণের জীবনমানের উন্নয়ন ২. খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, ৩. শিল্পায়ন, মাথাপিছু আয় ও জিডিপি প্রবৃদ্ধির মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করা এবং বৈদেশিক সাহায্যনির্ভরতা কমিয়ে আনা। বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির এই যুগে বাংলাদেশকে অবশ্যই ‘একবিংশ শতাব্দীর টেকসই উন্নয়ন-দর্শন’ গ্রহণে অগ্রগামী হতে হবে।
এই প্রেক্ষাপটে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে ‘মানসম্মত শিক্ষা এবং সুশাসন’ নিশ্চিত করার নীতি গ্রহণ করা অপরিহার্য হয়ে পড়েছে এই কারণে যে ‘মানসম্মত শিক্ষা এবং সুশাসন’ নিশ্চিত করা ছাড়া একবিংশ শতাব্দীর অবারিত সুযোগ ও সীমাহীন সম্ভাবনার স্রোতে বাংলাদেশ নিজেকে সংযুক্ত করতে পারবে না।
ঢাকা।