বাংলাদেশ এখন নিম্ন–মধ্যম আয়ের দেশ। বিশ্বায়নের ফলে সারা বিশ্ব এখন বিশ্বগ্রামে পরিণত হয়েছে। পৃথিবী যেন আজ হাতের মুঠোয়। পৃথিবীর সঙ্গে বাংলাদেশও হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৭০ লাখ। মাত্র ছয় বছর আগে এই সংখ্যা ছিল মাত্র ১২ লাখ।
দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে, কিন্তু ইন্টারনেটের দাম এখনো আকাশছোঁয়া। ১ জিবি ইন্টারনেট ভ্যাটসহ ২০০ থেকে ৩০০ টাকার কমে কেনা যায় না। এটা অনেক বেশি। পার্শ্ববর্তী দেশ ভারতে ইন্টারনেটের দাম এর চেয়ে কম। দাম বেশি হওয়ায় অনেকেই ইচ্ছা থাকলেও নিয়মিত ইন্টারনেট ব্যবহার করতে পারেন না। ইন্টারনেট ব্যবহারকারীদের এ অবস্থা দেশের টেলিযোগাযোগ খাতের অগ্রযাত্রায় অন্তরায় সৃষ্টি করেছে।
বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করতে হলে মানুষকে আগে ইন্টারনেট ব্যবহারের প্রতি আগ্রহী করা জরুরি। জাতিসংঘের সাধারণ পরিষদে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, বিশ্বকে দারিদ্র্যমুক্ত করতে সবার জন্য ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ইন্টারনেট ব্যবহারের ফলে প্রতি দশজনের মধ্যে একজন দারিদ্র্য থেকে মুক্তিলাভ করছে। কিন্তু ইন্টারনেটের দাম কমানো না হলে বেশির ভাগ মানুষই ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। ফলে দেশের উন্নয়নের জন্যই ইন্টারনেটের দাম কমানো জরুরি।
মো. নিজাম উদ্দিন
মৌলভীবাজার।