পৃথিবীর বুকে স্থান করে নেওয়া ৫৬ হাজার বর্গমাইলের ছোট একটি ভূখণ্ডের নাম বাংলাদেশ। সবুজ শ্যামলের সমারোহে যার বিস্তৃতি। যেদিকে তাকাই, সেদিকেই দেখি সবুজের মনকাড়া মনোরম সৌন্দর্যের দৃশ্য। এত সবুজ বন থাকার পরও আত্মতৃপ্তিতে ভরছে না আমাদের মন। কেননা, এ দেশটি বিভিন্ন দুর্যোগের মোকাবিলায় ক্ষতির আশঙ্কায় ভুগছে।
আমাদের দেশের বনভূমি ১৭ দশমিক শূন্য ৮ শতাংশ, যা কোনো দেশের পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমির তুলনায় কম, যেটা ২৫ শতাংশ। এটা আমাদের ভাবিয়ে তুলছে। সরকার যে ২০ শতাংশ বনভূমির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে তা অধরাই থেকে যাবে, যদি আমরা সরকারের বেঁধে দেওয়া একটিট ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ না লাগাই, যদি আমাদের পরিবেশকে আরও সবুজ শ্যামল করে গড়ে না তুলি। আসুন, আমরা প্রত্যেকে গাছ লাগিয়ে আমাদের মাতৃভূমিকে সবুজ শ্যামল করে তুলি। প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় ভবিষ্যৎ প্রজন্ম যেন খুঁজে পায় ‘সবুজ পাতার নিশ্বাসে: সজীবতার প্রাণ।’
আল আমিন মাহমুদ
ঢাকা বিশ্ববিদ্যালয়।