বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবীন ও ছোট বিশ্ববিদ্যালয়।
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ১৩ বিভাগে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী বিভিন্ন বর্ষে অধ্যয়নরত। কিন্তু প্রতিষ্ঠার পাঁচ বছর পেরিয়ে গেলেও ছাত্রছাত্রীদের কোনো আবাসিক হলের ব্যবস্থা করা হয়নি।
পাবনা শহরের আনাচকানাচে অর্থ ব্যয় করে ছাত্রছাত্রীরা কষ্ট করে লেখাপড়া করছেন। বিভিন্ন ভবনের ও হলের নির্মাণ চলছে, তবে তা চোখে পড়ার মতো নয়। নির্মাণের মেয়াদ শেষ হলেও নির্মাণ শেষ হয় না।
এর ওপর আবার সেমিস্টার-জটের সমস্যা। সেমিস্টার ছয় মাসের হলেও এক সেমিস্টার শেষ করতে আট-নয় মাস লাগে।
একই সময়ে প্রতিষ্ঠিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রায় সব ভবন ও হলের নির্মাণ শেষ এবং শিক্ষার কার্যক্রমেও কোনো জট নেই। অথচ আমাদের বেলায় যেন অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যাওয়ার মতো।
এ অবস্থায় আমরা যথাযথভাবে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছি। ফলে আগামী দিনে দেশের সুনাগরিক হিসেবে দেশের উন্নয়নে আমরা কতটা অবদান রাখতে পারব, তা নিয়ে আমরা নিজেরাই শঙ্কিত।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আজাদুল বারী
পাবনা।