জুরাইনে যারা বসবাস করে, তারা নামেই সিটি করপোরেশনের নাগরিক। এই এলাকার নাগরিক সুবিধা বাড়ে বানরের তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার মতো করে। কারণ, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির নির্বাচন-পরবর্তী কাজের কোনো মিল খুঁজে পাওয়া যায় না।
রাস্তাঘাট সংস্কারের নামে কোথাও না কোথাও প্রতিবছরই রাস্তা কাটা হচ্ছে। রাতে যে রাস্তা তৈরি হয় দুপুর হতে না হতেই তার নানা জায়গা ভাঙা শুরু হয়। ফলে গত ১০-১৫ বছরের মধ্যে ড্রেনের পানিতে পা ডুবিয়ে হাঁটেনি এমন কোনো ব্যক্তি নেই। বৃষ্টির দিনে রিকশা নিয়ে ড্রেনে পড়েনি, এমন কোনো মানুষ নেই। ওয়াসার পানির সঙ্গে মাঝেমধ্যেই উঠে আসে ড্রেনের নোংরা পানি। বহুকাল ধরে এ অবস্থা চলে আসছে। এখন শুরু হয়েছে কারখানার অত্যাচার, প্রায় প্রতিটি বাড়ির নিচতলায় বা বাড়ির পাশে তৈরি হচ্ছে নানা ধরনের কারখানা। এসব কারখানার বিষাক্ত বর্জ্য ড্রেনের পানিতে মিশে নানা ধরনের চর্মরোগের সৃষ্টি করছে। তা ছাড়া কারখানার ধোঁয়া, বিরতিহীন শব্দ মাথাব্যথাসহ নানা ধরনের সমস্যার সৃষ্টি করছে।
পরিবেশ অধিদপ্তর নামে এ দেশে একটি প্রতিষ্ঠান আছে। তাদের কাজ কি শুধু মিটিং, শোভাযাত্রা আর সেমিনারে সীমাবদ্ধ? কোন কাজের জন্য এ অধিদপ্তরকে পুরস্কার দেওয়া হয়, তা জানা নেই।
শাকিলা নাছরিন
জুরাইন, ঢাকা।