প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়ে ইদানীং নানা মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে। ২০০৯ সাল থেকে এই পরীক্ষাপদ্ধতি চালু হওয়ার পর অদ্যাবধি পরীক্ষা গ্রহণের এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা–পরিবারের সদস্যদের নিরলস প্রচেষ্টায় এমন একটি বিরাট কঠিন কাজ সুসম্পন্ন করা সম্ভব হচ্ছে।
প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি বিশ্বাস করি, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু থাকা দরকার। এর প্রধান কারণ সমাপনী পরীক্ষা চালু হওয়ার পর থেকে শিক্ষকদের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে। তাঁরা এখন নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছেন।
সমাপনী পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তাঁরা বিদ্যালয় নিয়ে চিন্তাভাবনা করছেন। বিদ্যালয় ফাঁকি দেওয়ার প্রবণতা অনেক কমে গেছে। শুধু তাই নয়, ছুটির মধ্যে যেমন রোজা, ঈদ, পূজা ইত্যাদিতে অনেক বিদ্যালয়ে ক্লাস চালু থাকে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কিছু দুর্বল দিক আছে। যেমন, কোনো কোনো শিক্ষক শিশুদের উত্তর বলে দেন কিংবা অন্য শিশুর উত্তরপত্র দেখে লিখতে উৎসাহ দেন ইত্যাদি।
এসব কারণে কোনো কোনো মহল থেকে এই পরীক্ষার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠতেই পারে। কিন্তু পরীক্ষা বন্ধ নয় বরং সমাপনী পরীক্ষা আরও কীভাবে শিশুবান্ধব করা যায়, সেই চেষ্টা করতে হবে।
গোলাম ফারুক সরকার
গাইবান্ধা।