সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা ঢাকঢোল পিটিয়ে পঞ্চম শ্রেণির শিশুদের সমাপনী পরীক্ষা নিচ্ছি, কিন্তু শিক্ষায় কতটা এগিয়েছি? জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষায় শিক্ষার্থীদের হাতে ভুল প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। শুধু তা–ই নয়, পরীক্ষার সময় শিক্ষকেরা বেমালুম নৈতিকতা, আদর্শবোধ ভুলে গিয়ে শিশুদের উত্তরপত্রে সঠিক উত্তরটি লেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। এরপর রয়েছে উত্তরপত্র মূল্যায়নে নিয়োগকৃত পরীক্ষকদের উদারতা। অল্প নম্বরের জন্য ৩৩ না পেলে কিংবা ৮০ না পেলে সেখানেও কৌশলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।

সর্বশেষ উপজেলা শিক্ষা অফিসে ফলাফল চূড়ান্ত করার সময় চলে কম্পিউটারের কারসাজি। এসবই বলতে গেলে ওপেন সিক্রেট। এতগুলো ধাপ অতিক্রম করে যখন ফল প্রকাশ করা হয়, তখন দেখা যায় তা অসাধারণ। আমরা মিডিয়াতে দেখি বুক উঁচু করে ফলাফল ঘোষণা করা হচ্ছে—শতকরা এত জন পাস করেছে, এত জন জিপিএ ফাইভ পেয়েছে। দেশের সাধারণ নাগরিকেরা, অভিভাবকেরা তখন খুশিতে টইটম্বুর হয়ে যান। কিন্তু এসব কি শুভংকরের ফাঁকি নয়? আশা করি, শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

অঞ্জনা দে, মৌলভীবাজার।