সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনভোকেশন বা সমাবর্তন ছাত্রজীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত। শিক্ষাজীবনের সমাপ্তি এবং কর্মজীবনে ঢোকার সন্ধিক্ষণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক স্বীকৃতিদানের লক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজন করে থাকে। অনুষদের সর্বোচ্চ সিজিপিধারীরা মেধার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। প্রত্যেক শিক্ষার্থীই এ দিনটির অপেক্ষায় থাকেন। কিন্তু আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সমাবর্তন আয়োজনে কতটা আন্তরিক?
প্রতিষ্ঠার পর থেকে চলতি মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন করেছে ৯৫ বছরে ৫০ বার, রাজশাহী ৬৩ বছরে ৯, বাকৃবি ৫৫ বছরে ৭, চট্টগ্রাম ৫০ বছরে ৩, জাহাঙ্গীরনগর ৪০ বছরে ৫ ও শাহজালাল ৩০ বছরে ৩ বার মাত্র। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ ২৪ বছরে সমাবর্তন আয়োজন করেছে ১৯ বার, ইনডিপেনডেন্ট ২৩ বছরে ১৮, এআইইউবি ২১ বছরে ১৭, আহসানউল্লাহ ২১ বছরে ৯, ইস্ট ওয়েস্ট ২০ বছরে ১৬ ও ব্র্যাক করেছে ১৫ বছরে ১১ বার।
ঢাবি ছাড়া অন্য সরকারি বিশ্ববিদ্যালয় একবার সমাবর্তন করতে সময় নিয়েছে প্রায় ১০ বছর, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় করেছে ২ বছরেরও কম সময়ে। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ও একসময় এর ব্যতিক্রম ছিল না; কেননা শেষ নয়টি অনুষ্ঠানই হয়েছে গত ১২ বছরে। ঢাবির বর্তমান ভিসি সাত বছরে ছয়টি সমাবর্তন করে দেখিয়ে দিয়েছেন, আন্তরিকতা আর নিরন্তর প্রচেষ্টা থাকলে সবকিছুই সম্ভব। জাবিসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি সে সক্ষমতা বা আন্তরিকতা দেখাতে পারে না?
এম আর করিম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।