চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন তাঁদের অধিকার থেকে। সন্ত্রাস-দখলদারত্ব, আবাসন সংকট, পরিবহন–সংকট, পর্যাপ্ত প্রযুক্তির অভাব, বিচারহীনতা, যৌন নিপীড়ন, প্রশাসন, সন্ত্রাসীদের দৌরাত্ম্যসহ বিভিন্ন সমস্যা রয়েছে।
এ ছাড়া যে সমস্যা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়টির অভিশাপ হয়ে আছে, তা হলো সেশনজট! এখানে বিভিন্ন বিভাগে সেশনজট রয়েছে। তার মধ্যে বাংলা, ইংরেজি, অর্থনীতি, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, বিবিএ ফ্যাকাল্টির সব বিভাগসহ বিভিন্ন বিভাগে দু-তিন বছরের সেশনজট রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ (ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, মাইক্রোবায়োলজি) ছাড়া প্রায় সব বিভাগেই ছয় মাসের বেশি জট রয়েছে।
শিক্ষকদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, এই সেশনজটের কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জট নিরসনের আন্তরিকতার অভাব। এ ছাড়া রয়েছে জাতীয় রাজনীতি, ক্যাম্পাসে সন্ত্রাসীদের রাজনীতি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিয়মিত মনিটরিং না করা প্রভৃতি।
সেশনজট কমানোর সবচেয়ে ভালো উপায়, সেশনজট নিরসন কার্যকরী কমিটি করা যেতে পারে, যার দায়িত্ব হচ্ছে নিয়মিত ক্লাস-পরীক্ষা মনিটরিং করা। যদি কোনো শিক্ষক সময়মতো ক্লাস-পরীক্ষা না নেন এবং পরীক্ষার খাতা মূল্যায়ন করতে দেরি করেন, তাহলে তাঁকে জবাবদিহি করতে হবে, রুল জারি করতে হবে। তার পরও যদি কাজ না হয়, তাহলে শাস্তির আওতায় আনতে হবে।
কোনো শিক্ষার্থী চার বছরের কোর্স পাঁচ-ছয় বছরে করার জন্য বিশ্ববিদ্যালয়ে আসেন না। তাহলে ক্লাস নিয়মিত না হওয়াটা যেমন জীবনের জন্য ক্ষতি, একই সঙ্গে বছরের পর বছর সেশনজটের কবলে পড়াও জীবনের জন্য ক্ষতি। অতএব, দুটি কাজ একসঙ্গে করতে হবে—নিয়মিত ক্লাস নিতে হবে এবং সময়মতো পরীক্ষা নিতে হবে। এক দিনও যাতে সেশনজট না থাকে।
বিকুল তাজিম
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।