সরকারি কলেজের অধ্যাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বেই অধ্যাপক পদটি অত্যন্ত সম্মানজনক। এ পদে অধিষ্ঠিত হতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে যেমন বিষয়ভিত্তিক অনেক জ্ঞান ও পাণ্ডিত্যের অধিকারী হতে হয়, তেমনি তাঁকে হতে হয় একজন নিবেদিতপ্রাণ গবেষক। এ পদে পদোন্নতি বা নিয়োগের ক্ষেত্রে সারা বিশ্বেই একটি আন্তর্জাতিক মানের নীতিমালা অনুসৃত হয়ে থাকে। দেশভেদে কমবেশি তা অনেকটা এ রকম: পিএইচডি ডিগ্রিসহ সহযোগী অধ্যাপক পদে চার বা পাঁচ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত জার্নালে কমপক্ষে ১০-১২টি প্রকাশনা (যার মধ্যে সহযোগী অধ্যাপক পদে কর্মরত অবস্থায় কমপক্ষে চার থেকে পাঁচটি প্রকাশনা) থাকতে হয়।
উপর্যুক্ত শর্তাবলি পূরণে অক্ষম ব্যক্তি কখনোই অধ্যাপক হতে পারেন না। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে এ নিয়মের খুব একটা ব্যত্যয় হতে দেখা না গেলেও ব্যতিক্রম দেখা যায় কেবল বাংলাদেশের সরকারি কলেজগুলোতে। বাংলাদেশের প্রায় ৩০০ সরকারি কলেজে বিভিন্ন বিষয়ে প্রশাসনিক পদসহ সহস্রাধিক অধ্যাপক পদ রয়েছে। কিন্তু পদোন্নতির ক্ষেত্রে নেই সুষ্ঠু নীতিমালা বা মাপকাঠি। কখনো শুধু ফিডারপোস্ট, কখনো বা চাকরির বয়স অনুসারে পদোন্নতি দেওয়া হয়। এখানে পড়ালেখা ও গবেষণার কোনো বালাই নেই। ফলে তাঁরা কীভাবে পড়াবেন?
সরকারি কলেজের অধ্যাপকেরা বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজের অধ্যাপকদের তুলনায় এক ধাপ নিম্নতর গ্রেডে (গ্রেড-৪) বেতন-ভাতাদি পেয়ে থাকেন। সরকারি কলেজের যেসব শিক্ষক আন্তর্জাতিক শর্তাবলি পূরণ করতে সক্ষম হবেন, কেবল তাঁদেরই বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজের সমতুল্য (গ্রেড-৩) অধ্যাপক পদে গণহারে সিলেকশন গ্রেডের পরিবর্তে শুধু পদোন্নতি দিয়ে সরকার প্রণোদনা দিতে পারে।
বিষয়টি ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।
সিদ্দিক চৌধুরী
ঢাকা।