শিক্ষার ভিত্তি শুরু হয় প্রাথমিক শিক্ষা থেকে। আনন্দময় ও শিশুবান্ধব পরিবেশে প্রাথমিক শিক্ষা কার্যকর হয়।
মহানগরের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ, ক্লাসরুমের অভাব, বাথরুম নোংরা, বিশুদ্ধ পানির অভাবসহ নানা সমস্যায় জর্জরিত। অনেক বিদ্যালয়ে যথেষ্ট জায়গা থাকলেও প্রভাবশালী ব্যক্তিদের দখলদারত্বের কারণে শিশুদের বিদ্যালয়ে অংশগ্রহণ ব্যাহত হচ্ছে।
মহানগরের প্রাথমিক বিদ্যালয়গুলোর অধিকাংশেই নিম্নবিত্তদের সন্তানেরা পড়াশোনা করে। এসব শিশুকে বিদ্যালয়মুখী করার জন্য অধিকাংশ বিদ্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অধীনে উচ্চশক্তিসম্পন্ন বিস্কুটসহ নানা খাদ্য কর্মসূচি পালিত হচ্ছে। এই বিস্কুট বা খাদ্য খাওয়ার পর পানি খাওয়া অত্যাবশ্যক। শিশুরা দিনের অর্ধেকের বেশি সময় কাটায় স্কুলে। কিন্তু অধিকাংশ অভিভাবকের অসচেতনতা কিংবা দারিদ্র্যের কারণে তারা বিশুদ্ধ পানি নিয়ে আসতে পারে না। আবার বিদ্যালয়েও বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকে না। এ কারণে গরিব শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে।
গত ২৪ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘স্কুলে শিশুর পানি পান যথেষ্ট?’ প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও ম্যানহাটনের স্কুলগুলোয় এক থেকে নয় বছর বয়সী স্কুলগামী শিশুরা এক-তৃতীয়াংশ স্কুলের সময় পানিশূন্যতায় ভোগে, যা শিশুদের শারীরবৃত্তীয়, মস্তিষ্ক ও স্নায়ুর কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে বলে মনে করেন বিজ্ঞানীরা। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় সব সমস্যা সমাধানের পাশাপাশি বিশুদ্ধ পানির নিশ্চয়তা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ৷ তাই প্রতিটি বিদ্যালয়ে গভীর নলকূপ কিংবা বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
মো. আশরাফ উদ্দিন, যাত্রাবাড়ী, ঢাকা।