দীর্ঘ দিন ধরে নানা সমস্যায় জর্জরিত সরকারি হাইস্কুলগুলো। প্রথমত, এসব স্কুলে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নেই বললেই চলে। মাস্টাররোলে নিয়োগপ্রাপ্তদের দিয়ে সরকারি কাজ তথা প্রশাসন চালানো কতটা ঝুঁকিপূর্ণ, তা সচেতন ব্যক্তি মাত্রই বুঝতে পারেন। এ ছাড়া বিভিন্ন তহবিলের অর্থে এই কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে হয়। শিক্ষক সংকট মারাত্মক আকার ধারণ করেছে, যা যেকোনো সময়ের চেয়ে খারাপ।
শহর ও উপজেলা পর্যায়ে অনেক সরকারি হাইস্কুলে অর্ধেক শিক্ষকও নেই। প্রতিদিন পাঁচ/ছয়টা ক্লাস, পরীক্ষার সময় ১০০০-১২০০ খাতা দেখাসহ বিভিন্ন অতিরিক্ত দায়িত্ব পালনে শিক্ষকেরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত প্রায়। গ্রন্থাগারিকের পদ থাকলেও নিয়োগ নেই।
এ ছাড়াও তথ্য ও যোগাযোগ, চারুকারু, কর্ম ও জীবনমুখী বিষয়গুলো খোলা হলেও শিক্ষক নেই। গেজেটেড করার পরে প্রায় পাঁচ বছর অতিক্রান্ত হলেও এখনো নিয়োগবিধি তৈরি হয়নি। মেধাতালিকা না থাকায় ও পদোন্নতির সঠিক বিধি না থাকায় ঝামেলা হচ্ছে। এসব নিয়ে মামলা-মোকদ্দমা হচ্ছে।
এই সমস্যার সমাধান নেই বলে মনে হচ্ছে। অনেকের চাকরি ১০ বছর পেরিয়ে গেলেও ধাপ পরিবর্তন হচ্ছে না সিলেকশন গ্রেড বা টাইমস্কেল তুলে দেওয়ার কারণে। দীর্ঘদিন প্রমোশন না পেয়ে অনেকেই অবসরে চলে গিয়েছে, আর যারা আছে তারাও মানসিকভাবে বিপর্যস্ত। ছাত্র ভর্তি নিয়েও নানা ঝামেলা হয়। এ অবস্থায় কীভাবে পাঠদান হবে।
মো. আশরাফুল ইসলাম
চুয়াডাঙ্গা।