শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া উপায় নেই, শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে পড়ুক, এ মনোভাব নিয়ে চট্টগ্রাম জেলার বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী সারোয়াতলী গ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক, দানবীর পূর্ণচন্দ্র সেন বা পিসি সেন নিজের জায়গার ১৯০০ সালে পিসি সেন সারোয়াতলী উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দুই হাজারেরও বেশি। বিদ্যালয় পরিচালনা কার্যকরী কমিটি ও অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকার সুষ্ঠু পাঠদানে বিদ্যালয়টির শিক্ষার মান খুবই ভালো।
প্রতিবছর জেএসসি, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে থাকে ছাত্রছাত্রীরা। তা ছাড়া, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এ বিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে। এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় উচ্চপদে কর্মরত আছেন। বিদ্যালয়টির বয়স ১১৫ বছর পেরিয়ে গেছে, ২০১৬ সালে এটি ১১৬ বছরে পদার্পণ করবে। কিন্তু বিদ্যালয়টি সরকারীকরণের সব শর্ত পূরণ করলেও আজ পর্যন্ত তা করা হয়নি।
আশা করি, সরকার এসব বিষয় বিবেচনা করে স্কুলটি সরকারি করবে।
সবুজ চৌধুরী, চট্টগ্রাম।