পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে তামাক চাষ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। তামাক কোম্পানির কাছ থেকে অগ্রিম ঋণ পাওয়ার লোভে বান্দরবানের আলীকদম-লামা উপজেলায় দিন দিন বাড়ছে তামাকের চাষ।
একসময় ধান, ভুট্টা, আলু, বেগুন, লাউ, শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য সুনাম ছিল এ উপজেলার।
বিগত বছরগুলোতে প্রশাসনের পক্ষ থেকে সরকারি জমিতে তামাক চাষ নির্মূল অভিযান পরিচালনা করা হলেও দু-তিন বছর ধরে তা হচ্ছে না। উৎপাদিত তামাক প্রক্রিয়াজাত করতে বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে দুই সহস্রাধিক তন্দুর (চুল্লি)। এসব চুল্লিতে জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে সংরক্ষিত ও প্রাকৃতিক বনের কাঠ। স্থানীয় একশ্রেণির বন কর্মকর্তাকে ম্যানেজ করেই তামাক প্রক্রিয়াজাতকরণে লাখ লাখ মণ কাঠ ব্যবহার করা হয়।
তামাক চাষের ব্যাপারে সরকারের নীতিমালা আছে কি না আমাদের জানা নেই। না থাকলে তা দুঃখজনক, থাকলে তার যথাযথ প্রয়োগ আমাদের কাম্য। কারণ, যেখানে সেখানে এই তামাক চাষ করা যায় না।
মাধব চন্দ্র চাকমা
বান্দরবান।