সহকারী শিক্ষকদের বেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকের পদমর্যাদা তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণপূর্বক তাঁদের বেতন স্কেল যথাক্রমে ১১ নম্বর গ্রেড (৬৪০০-১৪২৫৫/-) ও ১২ নম্বর গ্রেড (৫৯০০-১৩১২৫/-)-এ উন্নীত করা হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বেতন স্কেল যথাক্রমে ১৪ নম্বর গ্রেড (৫২০০-১১২৩৫/-) ও ১৫ নম্বর গ্রেড (৪৯০০-১০৪৫০/-) এ উন্নীত করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে গড়ে দেওয়া এই বেতন-বৈষম্য দারুণ কষ্টদায়ক ও লজ্জাজনক।
প্রধান শিক্ষকের বেতন ৮০০০ হাজার না হলেও (দ্বিতীয় শ্রেণির বেতন স্কেল অনুযায়ী) তাঁরা অনেকটাই লাভবান দ্বিতীয় শ্রেণির মর্যাদা পেয়ে। অপর দিকে সহকারী শিক্ষকদের বেতন স্কেল অতি সামান্য পরিমাণে বৃদ্ধি করে হতাশার পরিমাণটা আরও অনেকটা বৃদ্ধি করে দেওয়া হলো। অপর দিকে প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন-বৈষম্যটাও প্রশ্নবিদ্ধ রয়ে গেল। যা ভবিষ্যতে হয়তো শুধু সমস্যার জন্ম দেবে একের পর এক।
বর্তমানে প্রাথমিক শিক্ষায় শিক্ষক হিসেবে উচ্চশিক্ষিত তরুণেরা যোগদান করছেন। তাঁদের শ্রম, মেধা এখানেই কাজে লাগাতে চাইছেন। কিন্তু সহকারী শিক্ষকদের বেতন তথা বেতন-বৈষম্য তাঁদের উদ্দীপনাকে কতটুকু বাড়াবে, সেটা ভাবার বিষয়। হয়তো এই কারণে অনেকেই একটু বড় বেতনের অফার পেলেই চলে যাচ্ছেন অন্য চাকরিতে। অথচ এঁদের ধরে রাখা সবারই দায়িত্ব। আর সে কারণে প্রয়োজন হচ্ছে একটি সঠিক এবং সময়োপযোগী বেতনকাঠামোর পাশাপাশি নানা সুযোগ-সুবিধা সৃষ্টি করা।
একজন প্রাথমিক সহকারী শিক্ষক তাঁর স্বল্প বেতন নিয়ে সারা মাসই বিড়ম্বনায় ভোগেন সংসার চালাতে গিয়ে। চারদিকের চাহিদা মেটাতে গিয়ে কোনো দিকেই তিনি সচ্ছল হতে পারেন না। অনেক ক্ষেত্রে লজ্জা পেতে হয় নিজের প্রিয়জনদের কাছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন হোক—এটা আমরা সব সময় চাই। কেননা, শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক বিদ্যালয়গুলো। আর তাই শিক্ষাদানের ক্ষেত্রে যাঁরা কান্ডারি হয়ে ছোট ছোট শিশুর মধ্যে জ্ঞানের আলো বিতরণ করছেন, সেই সহকারী শিক্ষকদের মেরুদণ্ড (কাণ্ড) যদি দুর্বল হয়ে পড়ে আর্থিক অনটনে, তবে সুফল কতটা আশা করা যায়।
চাহিদার সঙ্গে যাতে জোগানের সামঞ্জস্য থাকে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে, তেমন একটি বেতনকাঠামো প্রয়োজন প্রাথমিক সহকারী শিক্ষকদের জন্য। আশা করি, কর্তৃপক্ষ ভেবে দেখবেন।
সঞ্জয় কুমার ভৌমিক, শ্রীমঙ্গল।