সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল বলেই ধারণা করছিলাম আমরা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় বের হন। কিন্তু এই প্রচারণায় বেরোনোর পর এখন পর্যন্ত তাঁর গাড়িবহরে তিনবার হামলা হয়েছে।
কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে প্রধানমন্ত্রী বাছবিচার না করেই হামলাকে নাটক বলে ব্যঙ্গ করেছেন। সরকারের অন্যান্য মন্ত্রীরাও এ বিষয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। একজন প্রধানমন্ত্রী কখনো এমন কথা বলতে পারেন না। এটা খুবই হতাশাব্যঞ্জক। আমরা সহনশীলতা চাই, হামলা-মামলা আমাদের কাম্য নয়। নির্বাচন কমিশন ও গোয়েন্দাদের অনতিবিলম্বে এই ন্যক্কারজনক হামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা উচিত। নতুবা যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায় তাদের ওপরই বর্তাবে।
আর নির্বিচারে খালেদার ওপর এমন হামলা চলতে থাকলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও খারাপ হতে পারে। এ বিষয়টি সরকারের ভেবে দেখা দরকার।
রাসেল আহমদ
কথাসাহিত্যিক, কুষ্টিয়া।