সাইকেল পার্কিংয়ের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রাস্তায় সাইকেলচালকেরাই সবচেয়ে কোণঠাসা
রাজধানীর রাস্তায় সাইকেলচালকেরাই সবচেয়ে কোণঠাসা

সাইকেলের চেয়ে পরিবেশবান্ধব যান আর হয় না। এটা স্বাস্থ্যের জন্য ভালো। ইউরোপের বিভিন্ন সাইক্লিং-বান্ধব শহর যেমন কোপেনহেগেন, আমস্টারডাম ও অসলোর অভিজ্ঞতা থেকে দেখা যায়, সাধারণ মানুষ ব্যক্তিগত গাড়ির পরিবর্তে সাইকেল চালিয়ে যাতায়াত করলে যানজট, পরিবেশদূষণ ও যাতায়াতের সময় কমে। এর ফলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এবং শহর আরও বাসযোগ্য হয়ে ওঠে।
ঢাকা এখন বিশ্বের অন্যতম বসবাসের অযোগ্য শহর। এর প্রধান কারণ হচ্ছে, ঢাকা শহরের অসহনীয় যানজট। গণপরিবহনের দুরবস্থা, সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিক্যাবের সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ঢাকা শহরে এখন অনেকেই ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করছেন। গবেষণায় দেখা গেছে, ব্যক্তিগত গাড়ি ঢাকার সড়কের মোট ৭০ শতাংশ জায়গা দখল করে থাকে। এ ছাড়া
ঢাকায় যানজটের জন্য প্রতিবছর ১৯ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়। তবে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে সাধারণ মানুষ সাইকেল চালিয়ে যাতায়াত করলে ঢাকার যানজট নিরসন করা সম্ভব এবং শহরটিকে বাসযোগ্য শহরে রূপান্তর করা সম্ভব।
যানজট এড়িয়ে যাতায়াত করার জন্য ইতিমধ্যে ঢাকার অনেকেই সাইকেলে যাতায়াত করছেন। তাঁরা নানা রকম অসুবিধায়ও পড়ছেন। অনেকে আবার এ জন্য সাইকেল ব্যবহারে নিরুৎসাহিতও হচ্ছেন। যেমন রিকশা থেকে শুরু করে যান্ত্রিক বাহনের চালকেরা ইচ্ছা করে সাইকেলে ধাক্কা দেন বা সাইকেলের চালকদের সড়কের ধারে চাপিয়ে দেন। তবে একটি অনলাইন জরিপে সাইকেলের চালকেরা জানিয়েছেন, সাইকেল চালানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা হচ্ছে নিরাপদ সাইকেল পার্কিংয়ের অভাব। সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিলে এ সংকট অনায়াসে সমাধান করা সম্ভব।
রিদওয়ান কাইয়ূম
ঢাকা।