সাপোর্ট স্টাফদের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে মানুষ নামের রোবট দেখা যায়, যাদের আরেক নাম (থার্ড পার্টি) অথবা সাপোর্ট স্টাফ। বাইরে থেকে বোঝার উপায় নেই, তারা অফিসের মূল স্টাফ না সাপোর্ট স্টাফ। কথায় আছে না, বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট, তারই প্রতিফলন হলো এই থার্ড পার্টির কর্মজীবীরা।

বর্তমানে এমন কোনো প্রতিষ্ঠান কি আছে, যেখানে কর্মজীবীদের ঈদ বোনাস দেওয়া হয় না। শুনে অবাক হবেন, মূল স্টাফদের কাজ থার্ড পার্টি দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে, অথচ তাঁদের উৎসব বোনাস দেওয়া হচ্ছে না। উল্টো তাঁদের বেতন থেকে কিছু অংশ সার্ভিস চার্জ বাবদ কেটে রাখা হচ্ছে। মাঝেমধ্যে মনে হয়, যেন দাসপ্রথার যুগে চলে এসেছি। তাঁরা কোনো কারণে অফিসে আসতে না পারলে বেতন তো কাটাই হয়, উপরন্তু এক ঘণ্টা ওভারটাইমের টাকাও কাটা হয়।
ভুক্তভোগী হয়ে কষ্টের কথা লিখছি। যে কোম্পানিতে কাজ করে এই অভিজ্ঞতা অর্জন করেছি, সেই কোম্পানির অফিসারদের জন্য রয়েছে ঈদ বোনাস, পূজার বোনাস ও এরিয়ার। আমরাই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা-৮টা এমনকি ৯টা পর্যন্ত খাটি অথচ বেতন পাই সর্বোচ্চ ১০ হাজার টাকা। বাজারে কি তাঁদের জন্য আলুর কেজি ২০ টাকা আর আমাদের জন্য ৫ টাকা? এটা কি কোনো সভ্য সমাজে হতে পারে?
আর সুমন, ঢাকা।