তথ্যপ্রযুক্তিতে বিশ্ব এখন অনেক দূর এগিয়ে গেলেও ডাক বিভাগের আবেদন ঠিকই রয়ে গেছে। কারণ, ডাক বিভাগও
যে তথ্যপ্রযুক্তিনির্ভর হয়ে গেছে। যার কারণে এ-প্রান্ত থেকে ও-প্রান্তে মুহূর্তেই পৌঁছে যাচ্ছে গ্রাহকের তথ্য, ডকুমেন্ট ও টাকাপয়সা।
কিন্তু দেশের সাব–পোস্ট অফিসগুলো অত্যাধুনিক সুবিধাসংবলিত হলেও ব্রাঞ্চ পোস্ট অফিসগুলো এখনো রয়ে গেছে মান্ধাতার আমলে। যার কারণে ব্রাঞ্চ অফিসের আওতায় ডাক বিভাগের গ্রাহকেরা প্রতিনিয়তই পড়ছেন বিপাকে, দুর্ভোগে।
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত বারইয়ারহাট পৌরসভায় রয়েছে ‘হিঙ্গুলী’ নামের একটি ব্রাঞ্চ অফিস, যা স্থানীয় গ্রাহকদের জন্য একেবারেই অপ্রতুল। কেননা, ‘মিরসরাই উপজেলার প্রথম পৌরসভা বারইয়ারহাট’ ইতিমধ্যেই মিরসরাইবাসীর সার্বক্ষণিক মিলনকেন্দ্রে রূপান্তরিত হয়েছে এবং এখানকার গ্রাহকেরা বারইয়ারহাটেই ডাক যোগাযোগটা সেরে ফেলতে চান, কিন্তু ব্রাঞ্চ অফিস বিদ্যমান থাকায় তা আর হয়ে ওঠে না। অগত্যা সময় ও অর্থের অপচয় ঘটিয়ে জোরারগঞ্জ অথবা করেরহাট সাব–পোস্ট অফিসে যেতে হয় তাঁদের।
ব্যাপারটা ডাক বিভাগও হৃদয়ঙ্গম করেছে কিন্তু কবে নাগাদ এখানে সাব–পোস্ট অফিস হবে, এ কথা তারা সঠিকভাবে বলতে পারছে না। তবে এখানে সাব–পোস্ট অফিস হলে গ্রাহকদেরই কেবল স্বার্থ হাসিল হবে না, মিরসরাই উপজেলার সর্বোচ্চ রাজস্ব আয়ের প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে বারইয়ারহাট সাব–পোস্ট অফিস।
মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ
মিরসরাই, চট্টগ্রাম।