প্রযুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটো দিক আছে। সামাজিক মাধ্যমে অসামাজিকতার ছোঁয়াও লক্ষণীয়, যা নেতিবাচক হিসেবে বিবেচ্য। ফলে আমরা কিছু কিছু নতুন ফেসবুক ব্যবহারকারী শিক্ষকেরা কিছুটা ব্যতিক্রমও ঘটাচ্ছি। স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে কোনো কিছুর বাছবিচার না করেই যেকোনো ছবি, অনুভূতি, ঘটনা এই সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছি। এর মধ্যে ঘটছে অসংখ্য বানানের ভুল।
ফেসবুককে রোজনামচা হিসেবে ব্যবহার করা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একজন শিক্ষক যদি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি ঘটনার বিবরণ ফেসবুকে স্ট্যাটাস হিসেবে দেন, তাহলে সেটার অর্থ কী দাঁড়ায়? আবার অনেকে এমন স্ট্যাটাসও দেন, যা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন শিক্ষকের বন্ধুতালিকায় স্বাভাবিকভাবেই অনেক শিক্ষার্থী থাকতে পারে। তাই শিক্ষকেরা যদি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের স্ট্যাটাস নষ্ট করেন, বানান ভুল করেন, অসামঞ্জস্যপূর্ণ ছবি প্রকাশ করেন, তবে ওই শিক্ষকের প্রতি শিক্ষার্থীর কী ধারণা জন্মাবে?
আমাদের শিক্ষকদের মনে রাখা উচিত, আমরা সব সময়ের জন্যই শিক্ষক, সেটা অনলাইনে হোক অথবা অফলাইনে হোক। আরও মনে রাখা প্রয়োজন শিক্ষার্থী সব জায়গা থেকেই আমাদের কাছ থেকে শিখতে পারে। আমরা শিক্ষক শুধু ক্লাসরুমেই নয়, সারা জীবন সব জায়গাতেই শিক্ষক।
মোস্তাফিজুর রহমান
শিক্ষক, ভেড়ামারা কলেজ, কুষ্টিয়া।