প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে গুজব ছড়িয়ে তাণ্ডব সৃষ্টি করা হয়েছিল, সেটা আমরা ভুলিনি। বাংলাদেশের দুই শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিচারকাজ নিয়ে জাতি অনেক ধরনের অপতৎপরতা প্রত্যক্ষ করেছে। আর তাঁদের ফাঁসির রায় কার্যকরের সময় বড় ধরনের নাশকতা হতে পারে—সেই আশঙ্কা থেকে জাতিকে নিরাপদ রাখতে সরকার সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে।
এ কারণে আমাদের সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। দেশ ও জাতির স্বার্থে সরকারের ভালো সিদ্ধান্তের প্রতি আন্তরিক ও শ্রদ্ধাশীল হতে হবে। আর সবচেয়ে বড় কথা, সরকারের নেওয়া সিদ্ধান্ত সরকারের কর্তাব্যক্তিদের সবার আগে অনুসরণ করা উচিত।
সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে মূল সমস্যার সমাধান পাওয়া যাবে না। প্রযুক্তি বন্ধ করে সাময়িক সফলতা পাওয়া গেলেও দীর্ঘমেয়াদি সফলতার জন্য প্রযুক্তি দিয়েই প্রযুক্তির মোকাবিলা করতে হবে। ডিজিটাল ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কবীর চৌধুরী
সভাপতি, বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম।