পত্রিকা খুললেই চোখে পড়ে সরকারের বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরিপ্রত্যাশী ব্যক্তিরা এসব নিয়োগ বিজ্ঞপ্তি দেখে যোগ্যতা অনুযায়ী চাকরির আবেদন করেন। তাঁরা প্রত্যাশায় থাকেন, হয়তো ইন্টারভিউ কার্ড আসবে। তাঁরা পরীক্ষা দেবেন ও সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ্যতা ও সার্টিফিকেটের শক্তিতে সরকারি চাকরি পাবেন।
কিন্তু বেশির ভাগই ক্ষেত্রে এটা কল্পনাই থেকে যায়। সব কাগজ ঠিক থাকলেও চাকরি পাওয়া তো দূরের কথা, অনেক সময় ইন্টারভিউ কার্ড পর্যন্ত পাওয়া যায় না। আবার কখনো ইন্টারভিউ কার্ড পাওয়া যায় কিন্তু পরীক্ষায় ভালো করেও চাকরি পাওয়া যায় না। আবার কখনো দেখা যায়, সার্কুলার হওয়ার পরও নিয়োগ হয় না। হঠাৎ মাস কয়েক পরে শোনা যায়, ইন্টারভিউ ছাড়াই ওই পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে।
এখন সবাই জানেন, শুধু সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়া যায় না। তার জন্য টাকা দিতে হয়। ব্যাপারটা একরকম উন্মুক্ত হয়ে গেছে। কিন্তু যাঁরা টাকা দিতে পারেন না, তাঁদের কী হবে? এটা কোন ধরনের গণতন্ত্র?
সুমন চন্দ্র দে, চট্টগ্রাম।