সায়েন্টিফিক ক্যালকুলেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে ৩৩তম বিসিএসের টেকনিক্যাল বিষয়ের (সিভিল ইঞ্জিনিয়ারিং) পরীক্ষা দিতে গিয়ে দেখি, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। কর্তব্যরত পরিদর্শকেরা জানালেন, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারে অনুমতি নেই। সবার মাথায় হাত। কেননা, সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ের পরীক্ষায় এমন কিছু অঙ্ক আসে (যেমন বিম/কলাম/ছাদ ডিজাইন, মোমেন্ট/ বল/ডিফ্লেকশন নির্ণয় ইত্যাদি), যা সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া সমাধান করা সম্ভব নয়। হলরুমজুড়ে হইচই, অতঃপর পরীক্ষার অর্ধেক সময় অতিবাহিত হওয়ার পর সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি পাওয়া গেল।
পুরোনো পরীক্ষার্থীদের কাছ থেকে জানলাম, এর আগে ৩১ ও ৩২তম বিসিএসেও একই ঘটনা ঘটেছিল। অর্থাৎ, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি শুরুতে পাওয়া যায়নি, পাওয়া গেছে পরীক্ষার অর্ধেক সময় অতিবাহিত হওয়ার পর। দুঃখের বিষয়, ৩৪তমতেও পিএসসি একই ঘটনার পুনরাবৃত্তি করল।
সাধারণ ক্যালকুলেটর দিয়ে যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়া সম্ভব না, এ কথা পিএসসিকে বোঝাবে কে। ভাবতে অবাক লাগে, বাংলাদেশ সরকারি কর্মকমিশনে কি একজনও নেই, যিনি এই কথা বুঝতে পারেন! প্রতিবারই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কেন? সায়েন্টিফিক ক্যালকুলেটরে এত ভয়ের কারণই বা কেন?
ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে না দিলে কেউই পূর্ণভাবে উত্তর দিতে পারেন না। এতে করে যাঁরা প্রস্তুতি নেন, আর যাঁরা নেন না—এ দুয়ের মধ্যে পার্থক্য থাকে না। পরিণামে ভালো প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীও হতাশ হয়ে পড়েন। তাই আগেভাগেই সিদ্ধান্ত নেওয়ার জন্য পিএসসির দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মাহমুদুল হাসান
প্রকৌশলী, ঢাকা।