দরজায় কড়া নাড়ছে তিনটি সিটি করপোরেশন নির্বাচন। এগুলো স্থানীয় নির্বাচন হলেও বর্তমান প্রেক্ষাপটে এ নির্বাচন অনেক
গুরুত্ব বহন করছে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে বহু জল্পনা-কল্পনা শেষে বিএনপি অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এটাই এ নির্বাচনের গুরুত্ব অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের ব্যাপারে অনেক আগে থেকেই অনাস্থা জানিয়ে আসছে। সংসদ নির্বাচন বর্জন করলেও এ নির্বাচন কমিশনের অধীনে এবার তারা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে। ফলে নির্বাচন কমিশনের সামনে নিজেদের নিরপেক্ষ প্রমাণের সুবর্ণ সুযোগ এসেছে।
অতীতে স্থানীয় সরকার নির্বাচনে শাসক দলের প্রার্থীদের অনেক অনৈতিক সুযোগ গ্রহণের বহু নজির রয়েছে। আমরা অতীতে ফিরে যেতে চাই না। এমনিতেই স্থানীয় সরকার নির্বাচন কোনো দলের ব্যানারে করার ব্যাপারে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আছে। যদিও এর অস্তিত্ব শুধু কাগজে-কলমেই। সব রাজনৈতিক দলই আড়ম্বরপূর্ণভাবে এ নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে।
কোনো দিকে না তাকিয়ে বর্তমান নির্বাচন কমিশনের এ ক্ষেত্রে নিজেদের নিরপেক্ষ প্রমাণ করতে হবে। যেহেতু নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা, সেহেতু তাদের কাউকে তোয়াক্কা করার কারণ নেই।
দেশবাসী আজ নির্বাচন কমিশনের দিকে স্থিরচিত্তে তাকিয়ে রয়েছে। সবার আশা, এবার নির্বাচন কমিশন এমন একটা অবাধ, সুষ্ঠু
ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সমর্থ হবে। আর এটার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, তা হলো লেভেল প্লেয়িং ফিল্ড, অর্থাৎ সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
রাসেল আহমদ, কুষ্টিয়া।