বাস্তবতা অনুধাবন করার পর সরকার আবার ঢাকায় সিটিং (ডাইরেক্ট) সার্ভিস বাস চলাচলের অনুমতি দিয়েছে। মাথা কেটে নয় বরং মাথা রেখেই মাথাব্যথার চিকিৎসা করা দরকার। বাস সার্ভিস বন্ধ করে নয়, বরং লোকাল এবং সিটিং সার্ভিসের অনিয়ম-অব্যবস্থা কঠোরভাবে দমন করে দুটি সার্ভিসই চালু রাখতে হবে। এ দুটি সার্ভিস সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিম্নবর্ণিত ব্যবস্থা নেওয়া যেতে পারে:
১. লোকাল ও সিটিং সার্ভিস বাস চিহ্নিত করার জন্য এদের গায়ে ভিন্ন ভিন্ন রং দিতে হবে। ২. লোকাল বাসের আসনবিন্যাস পাতালরেলের মতো করতে হবে, যাতে অধিকসংখ্যক যাত্রী দাঁড়িয়ে ভ্রমণ করতে পারে। ৩. সিটিং বাসে দাঁড়ানো ও স্বল্প দূরত্বের যাত্রী বহন নিষিদ্ধ করতে হবে। ৪. উভয় বাসে একই ভাড়ার হার প্রযোজ্য হবে এবং যাত্রীদের টিকিট দিতে হবে। তবে লোকাল বাসে ভ্রমণে দূরত্ব অনুযায়ী ভাড়া আদায়যোগ্য হবে। অন্যদিকে সিটিং বাসে যাত্রী যেখানেই নামুক, পরবর্তী স্টপেজ পর্যন্ত নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে।
যেমন পল্লবী থেকে উঠে কেউ যদি ফার্মগেটের আগে নামে, তবে তাকে ফার্মগেটের ভাড়া দিতে হবে। অনুরূপভাবে ফার্মগেটের পরে যেখানেই নামুক গুলিস্তানের ভাড়া দিতে হবে।
মো. আলী হায়দার, ঢাকা।