গণপরিবহনের যাত্রী তথা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুখের একটি সংবাদ দিয়েছেন বাস মালিক সমিতির নেতারা। আসছে ১৫ এপ্রিল থেকে নগরে আর সিটিং/স্পেশাল সার্ভিস থাকছে না, বিরতিহীন কিংবা গেটলক সার্ভিস নামে যাত্রী হয়রানি করবে না কোনো বাহন। সময়োপযোগী এমন সিদ্ধান্তে সাধারণ যাত্রীরা স্বস্তির নিশ্বাস ফেলেছেন।
সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বাসমালিকদেরও ভাবনায় ফেলেছে। তাই তঁারা এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। মুনাফালোভীদের বিরোধিতা সত্ত্বেও এমন সাহসী সিদ্ধান্তের জন্য আমরা তাঁদের অভিনন্দন জানাই। সেবার মানসিকতা নিয়েই তো পরিবহন ব্যবসা পরিচালনা করা উচিত। সড়ক পরিবহন কর্তৃপক্ষের নির্ধারিত ভাড়ায় যেন সাধারণ যাত্রীরা পরিবহনসেবা পান, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে মনিটর করতে হবে। বাসে দাঁড়িয়ে থেকে যেন সিটিং সার্ভিসের ভাড়া দিতে না হয়। অসাধু ব্যবসায়ীদের কারণে এ খাতের যতটুকু সুনাম নষ্ট হয়েছে, এমন সিদ্ধান্তের পর তা ফিরে আসবে, সেটাই সাধারণ মানুষের বিশ্বাস।
জাহাঙ্গীর আলম, ঢাবি।