বাংলাদেশের জনসংখ্যা ও জনশক্তির অর্ধেক অংশ নারী। এই অর্ধেক নারীর নগণ্য অংশ ছাড়া বৃহত্তর অংশই গৃহশ্রমের সঙ্গে জড়িত। তবে বর্তমানে আমাদের নারীসমাজের চিত্র বদলাতে শুরু করেছে, কিন্তু এ পরিবর্তন খুব যে বৃহৎ পরিসরে হচ্ছে, তা নয়।
বর্তমানে নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটি প্রশাসনের হাতেই আছে। অথচ বাংলাদেশে প্রশাসনের শীর্ষ পর্যায়ে নারীর অংশগ্রহণ একেবারেই নগণ্য। বাংলাদেশে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের অনুমোদিত পদের সংখ্যা ১০ লাখ ৯৭ হাজার ৩৩৪টি।
এর মধ্যে নারীর সংখ্যা ৮৩ হাজার ১৩৩, অর্থাৎ শতকরা ৭.৬ ভাগ। উপসচিব পদ থেকে সচিব পদ পর্যন্ত নারীদের সংখ্যা মাত্র ১ শতাংশ বা তারও কম। জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিচার বিভাগে বিচারক পদের ১০ শতাংশ হলো নারী। তবে হাইকোর্টে প্রধান বিচারপতি পদে এখনো নারীকে দেখা যায়নি।
মন্ত্রিসভায় নারীর সংখ্যা একেবারেই নগণ্য। বিসিএসের বিভিন্ন ক্যাডারে ও উচ্চপদে নারীর সংখ্যা অনেক কম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, পরিকল্পনা কমিশন ও নির্বাচন কমিশনে উচ্চপদে নারীরা নেই। বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামে পুরুষ সদস্যদের পাশাপাশি নারীদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য, কিন্তু তারপরও এ দেশের রাজনৈতিক দলগুলোতে নারীসমাজের প্রতিনিধিত্ব খুবই কম। এই উদাহরণ থেকে বোঝা যায়, আমাদের সমাজে প্রশাসনিক কাঠামোতে নারীর অবস্থান কতটা নড়বড়ে। তবে এটাও সত্যি, কোনো সমাজে নারীর অবস্থান বা মর্যাদা কেমন হবে, তা ওই সমাজকাঠামোর ওপর নির্ভর করে। আর আমাদের এই সমাজকাঠামো পরিবর্তন করতে হলে আমাদের অনেক সাহসী নারী নেতৃত্ব দরকার। দু-একজনের পক্ষে মানসিকতা পরিবর্তন করা সম্ভব নয়।
জান্নাত রোশনি
শিক্ষার্থী, শাবিপ্রবি।