সিরিয়াল ভয়ানক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিনের ক্লান্তি শেষে কিংবা একটুখানি অবসরে মানুষ সাধারণত নির্মল বিনোদনের জন্যই নাটক দেখতে টেলিভিশনের সামনে বসে। ওখানে জীবনকে খুঁজে পেলেই মানুষ বেশি আলোড়িত হয়, এটা বলতে দ্বিধা নেই। বেশ কয়েক বছর ধরে ভারতীয় চ্যানেলগুলো আমাদের অন্দরমহলকে গ্রাস করে নিয়েছে। সে না হয় নিল, কিন্তু এই সিরিয়ালের নামে আমরা কী দেখছি?
এখানে এক নারীকে দেখানো হয় দেবী, যিনি চরম সর্বংসহা। আরেক নারীকে দেখানো হয় শয়তান বা ডাইনি রূপে। পুরুষদের চরিত্র হচ্ছে তামাশা দেখার মতো। তাদের যেমন বউ থাকে, তেমনি বান্ধবীও থাকে। আর তখন টক্কর লাগে নারীতে নারীতে। এসব সিরিয়ালের কাহিনিগুলো এমনভাবে সাজানো হচ্ছে, যা দেখলে যে কারও মনে হতে পারে, আমরা ভয়াবহ এক সমাজে দিনাতিপাত করছি। যেখানে শান্তি, স্বস্তি কিংবা জীবনসংগ্রামের সুন্দর কোনো দিকই নেই। এতে নারী যে কত নিচে নামছে, সেটা আর ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না। আবার শিশুদের একধরনের আবেগময় চরিত্র তৈরি করা হচ্ছে, যা দেখে শিশুদের কৌতূহলী মনে নানা রকম বিরূপ প্রশ্ন তৈরি হওয়াই স্বাভাবিক।
এখানে বাস্তবের এক অপভ্রংশ প্রদর্শিত হচ্ছে। এসব সিরিয়াল আমাদের মনে যে ছাপ ফেলে যাচ্ছে, তা যেমন মননকে আলোড়িত করে না, তেমনি হৃদয়কে মানবিক বোধেও জারিত করে না। এসব মানবীয় বিকারের প্রদর্শন। কিন্তু তারপরও আমাদের দর্শকেরা কেন এসব দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন, তা বোঝার জন্য সমাজতাত্ত্বিক সমীক্ষা প্রয়োজন।
তাসনীম চৌধুরী, মৌলভীবাজার।