সরকারি অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির সব কর্মচারী সিলেকশন গ্রেড পায় না। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন শাখার ২৩/১১/১৯৮৩ তারিখের এমএফপি/এফডি (আইএমপি)-১ভি/ইউ(জি)-২/৮৩/১৯৮ নম্বর স্মারকে কেবল স্টেনোগ্রাফার, টাইপিস্ট, সেকশন অ্যাসিস্ট্যান্ট (ইউডিএ) ইত্যাদি পদে কর্মরত এক-তৃতীয়াংশ কর্মচারীকে সিলেকশন গ্রেড প্রদানের বিধান করা হয়েছে।
কিন্তু সরকারি বিভিন্ন অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত অফিসে একই স্কেলভুক্ত তৃতীয় শ্রেণির আরও কিছু পদ রয়েছে, যাদের সিলেকশন গ্রেড দেওয়া হয় না। যেমন রেজিস্ট্রেশন সহকারী, সংরক্ষণ সহকারী, যানবাহন পরিদর্শক, কেয়ারটেকার, অভ্যর্থনাকারী, বিক্রয় সহকারী, কার্যসহকারী, ফটোগ্রাফার, মার্কসম্যান, মডেলার প্রভৃতি। এসব পদের অধিকাংশ কর্মচারী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং এসব পদের অনেকেই ২০-২৫ বছর ধরে একই পদে কর্মরত আছেন। অপরদিকে ২০০৯ সালের জাতীয় বেতন স্কেলের গেজেটে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের চার বছর চাকরিপূর্তিতে সিলেকশন গ্রেড প্রদান করা হবে ঘোষণা করা হয়েছে।
আগামী জাতীয় পে-কমিশন গেজেটে সরকারি সব অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত অফিসের তৃতীয় শ্রেণির সব পদের কর্মচারীদের চার বছর চাকরি পূর্তিতে তৃতীয় সিলেকশন গ্রেড প্রদান করা হোক। মানবিক কারণেই তা করা হোক।
শহিদুল ইসলাম
ঢাকা।