সিল্ক সিটিতে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তনগর সিল্ক সিটি ট্রেন যেন মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ট্রেনটি জয়দেবপুর পর্যন্ত ঠিকমতো এলেও তারপর শুরু হয় নানা বিড়ম্বনা। দেখা যায়, ট্রেনটি যখন-তখন যেখানে-সেখানে দাঁড়িয়ে যায়, এমনকি স্টেশন নয় এমন জায়গায়ও ট্রেনটি দাঁড়ায়। একবার দাঁড়ালে ১০ মিনিটও দাঁড়িয়ে থাকে ট্রেনটি।
জয়দেবপুরের পর এটাকে আর আন্তনগর ট্রেন বলে মনে হয় না। টঙ্গী, ক্যান্টনমেন্ট, তেজগাঁও—এসব স্টেশনে ট্রেনটির থামার কথা না থাকলেও সিল্ক সিটি সেখানে থামে। আবার কমলাপুর স্টেশনের অনতিদূরে খিলগাঁও রেলগেটের আগে রাস্তার মাঝখানে ট্রেনটি দাঁড়িয়ে যায়। সেখানে আবার অনেক মানুষ নেমেও যায়। এত ঘন ঘন ট্রেনটি থামার কারণে যাত্রীরা অত্যন্ত বিরক্ত হন, সময়ও লাগে বেশি। টাঙ্গাইল থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত খুব বেশি হলে দুই ঘণ্টা থেকে সোয়া দুই ঘণ্টা সময় লাগার কথা, অথচ সেখানে লেগে যায় তিন ঘণ্টারও বেশি।
কথা হচ্ছে, এই বিরতি কী কারণে? তবে সব ক্ষেত্রে যে ক্রসিংয়ের কারণে ট্রেনটিকে থামতে হয়েছে, তা নয়। তাহলে এর পেছনে আর কী উদ্দেশ্য থাকতে পারে? যাত্রী হিসেবে সেটা নিশ্চয়ই আমাদের জানার অধিকার আছে। কিন্তু ট্রেনটি এভাবে চলতে থাকলে তা অচিরেই যাত্রী হারাবে।
মো. রইস উদ্দিন খান, রাজশাহী।