সুকুমারবৃত্তি বাধাগ্রস্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি স্কুলগুলোয় বার্ষিক ছুটি এবং পরীক্ষাসংক্রান্ত একটি পূর্ণাঙ্গ পঞ্জিকা অনুসরণ করা হলেও অধিকাংশ বেসরকারি স্কুলে এর অস্তিত্ব নেই। বেসরকারি কোনো কোনো স্কুলে সাপ্তাহিক ছুটি দুদিন, আবার কোথাও তা এক দিন। সাপ্তাহিক ছুটির পরদিনই থাকে সাপ্তাহিক পরীক্ষা।
এ ছাড়া প্রায় প্রতি মাসেই দেওয়া হয় বিভিন্ন ধরনের পরীক্ষার রুটিন। স্কুলের পাঠ ছাড়াও প্রতিদিন দেওয়া হয় একগাদা ‘হোমওয়ার্ক’। কোথাও থাকে ছুটির পর স্কুলের শ্রেণিকক্ষেই ‘প্রাইভেট কোচিং’। ফলে, সারা সপ্তাহের প্রায় সব সময় পড়াশোনার চাপে শিশুরা হয় দিশেহারা। বর্তমান ব্যবস্থায় বেশির ভাগ বেসরকারি স্কুলে পড়াশোনার চাপে শিশুরা অবসর সময়ে খেলাধুলা, মা-বাবার সঙ্গে বাইরে বেড়াতে যাওয়া অথবা পাঠ্যবইয়ের বাইরে বিভিন্ন ধরনের গল্পের বই পড়া, ভ্রমণকাহিনি বা খ্যাতনামা ব্যক্তিদের জীবনকাহিনি পাঠ ইত্যাদি কোনো কিছুরই সময় বা সুযোগ না পেয়ে নির্মল বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে স্বভাবতই তাদের সুকুমারবৃত্তির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। অথচ সুকুমারবৃত্তি হারিয়ে তারা শুধু যান্ত্রিক মানুষ হিসেবে গড়ে উঠছে কি না, তা ভেবে দেখা প্রয়োজন। অবশ্য কিছু কিছু অভিভাবক আছেন, যাঁরা বেশি বেশি পড়া বা পরীক্ষার চাপকে ইতিবাচক হিসেবেই দেখেন। তাঁদের যুক্তি হলো, বর্তমানে যেভাবে প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে, তাতে করে শিশুশ্রেণি থেকেই এভাবে চাপ না দিলে সন্তানেরা ভবিষ্যতে পিছিয়ে যাবে। ফলে বেসরকারি যেসব স্কুলে পড়াশোনা, পরীক্ষার চাপ যত বেশি এবং ছুটি যত কম, সেটিকেই তাঁরা ভালো মনে করেন এবং স্কুল কর্তৃপক্ষকে উৎসাহিত করেন।
এমতাবস্থায়, শিশুদের সুকুমারবৃত্তি বিকশিত করার লক্ষ্যে এবং এ ধরনের অসুস্থ প্রতিযোগিতা থেকে শিশুদের রক্ষাকল্পে সারা দেশে সব সরকারি ও বেসরকারি স্কুলে অভিন্ন সাপ্তাহিক ছুটি, বার্ষিক ছুটির তালিকা এবং পরীক্ষা গ্রহণের সংখ্যা বিষয়ে একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।
শহীদুল আযম, ঢাকা।