সুদূরের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্যবদলের আশায় প্রতিবছর বাংলাদেশ থেকে হাজার হাজার ভাগ্যবিড়ম্বিত মানুষ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমায় বৈধ অথবা অবৈধ পথে। একবুক আশা ও স্বপ্ন নিয়ে প্রিয়জনকে ফেলে সুদূরের পথে পাড়ি জমানো এই মানুষগুলোর বেশির ভাগেরই স্বপ্ন অপূর্ণ থেকে যায়।
অনেকেই দেশের জমিজমা, মা অথবা স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে একটু সচ্ছলতার আশায় বিদেশের হাতছানিতে আত্মসমর্পণ করে। সহজ-সরল-স্বপ্নময় এসব মানুষ জানে না যে চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত ও শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া বিদেশের মাটিতে টিকে থাকা কী দুরূহ ব্যাপার!
একশ্রেণির অসাধু দালাল ভালো বেতনে চাকরির প্রলোভনসহ আরও নানাভাবে প্রলুব্ধ করে এসব মানুষকে। প্রলোভনের ফাঁদে পা দিয়ে সর্বস্বের বিনিময়ে বিদেশে পাড়ি দিতে গিয়ে অনেকেই মাঝপথে নানা অব্যবস্থাপনার শিকার হয়ে মৃত্যু পর্যন্ত বরণ করেন! আর যাঁরা বিদেশে পৌঁছাতে পারেন, তঁারা ন্যূনতম মৌলিক চাহিদা দূরে থাক, কাজ না পাওয়া, বিনা বেতনে দীর্ঘদিন কাজ করা, গালিগালাজ, শারীরিকভাবে লাঞ্ছনা, নিজেদের বৈধতাসহ নানা জটিলতার ঘূর্ণাবর্তে ঘুরপাক খেতে থাকেন।
বিশ্বের নানা দেশে এভাবেই বাংলাদেশি ভাইয়েরা মানবেতর জীবন যাপন করছেন। প্রথম আলোতে এ–সম্পর্কিত ‘গ্রিসে বাংলাদেশি শ্রমিকদের ক্রীতদাসের জীবন’ শীর্ষক তথ্যচিত্রটির মাধ্যমে এমনই এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।
তা ছাড়া কাজের ক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারটিও ভীষণ অবহেলিত। তাই প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক মানুষ প্রাণ হারান নানা দুর্ঘটনায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে সেসব পরিবারেও নেমে আসে চরম অনিশ্চয়তা।
প্রবাসীকল্যাণ মন্ত্রালয়েরও দায়িত্ব রয়েছে প্রচার-প্রচারণার মাধ্যমে দালালদের সম্পর্কে সচেতনতা তৈরি করা। তা ছাড়া বিদেশে বাংলাদেশি ভাইদের যথাযথ আইনগত সহযোগিতাসহ অন্যান্য সুযোগ-সুবিধারও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। কেননা, তঁাদের পাঠানো কষ্টার্জিত টাকায় সরকারই সবচেয়ে লাভবান হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়গুলো ভেবে দেখবে কি?
সাবিনা পারভীন
গোড়ান, ঢাকা।