নামসর্বস্ব কিছু এনজিও ও প্রভাবশালী সুদ ব্যবসায়ীর কাছে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক চাষিরা দিন দিন পণবন্দী হয়ে পড়ছেন। দারিদ্র্যকে পুঁজি করে বিভিন্ন পাড়া-মহল্লায় অফিস বানিয়ে দারিদ্র্য বিমোচনের নামে মানুষ শোষণ করে আসছেন এসব এনজিও ও সুদ ব্যবসায়ী। মানুষের সরলতা ও জীবনযাত্রার টানাপোড়েনের সুযোগে তাঁরা হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
ব্যাংকঋণের দীর্ঘ জটিলতার বিপরীতে সহজ শর্তে ঋণ পাওয়ার সুবিধার জন্য নিম্ন আয়ের মানুষ একপ্রকার বাধ্য হয়েই ছুটে যাচ্ছেন এঁদের কাছে। অনেকে আবার সমবায় সমিতির নামে করছেন সুদের রমরমা কারবার। ১০ শতাংশ সুদের অনুমোদন এনে ঋণগ্রহীতার কাছ থেকে তাঁরা ৩০ শতাংশ পর্যন্ত আদায় করছেন।
সারা দেশের অসংখ্য নিম্ন আয়ের মানুষ আজ সুদের জাঁতাকলে সবকিছু হারিয়ে নিঃস্ব, অনেক পরিবার পৈতৃক ভিটাহারা। অনেকে ঋণের বোঝা পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কৃষকদের এই পরিস্থিতি থেকে বাঁচাতে সরকারকে স্বল্প সুদে ও সহজ শর্তে কৃষি ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।
মো. রেদোয়ান হোসেন, টাঙ্গাইল।