সুদের কারবারে জেরবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে—এ নিয়ে আমরা যতই গর্ব করি না কেন, দেশের ক্ষুদ্র ব্যবসায়ী আর প্রান্তিক চাষিরা দিন দিন নামসর্বস্ব কিছু এনজিও ও প্রভাবশালী সুদ ব্যবসায়ীর কাছে পণবন্দী হয়ে পড়ছেন। পাড়া-মহল্লায় অফিস বানিয়ে দারিদ্র্য বিমোচনের নামে এসব এনজিও ও সুদ ব্যবসায়ীরা মানুষকে শোষণ করে আসছেন।

ব্যাংকঋণের দীর্ঘ জটিলতার বিপরীতে সহজ শর্তে ঋণ পাওয়ার সুবিধার জন্য নিম্ন আয়ের মানুষ একপ্রকার বাধ্য হয়েই এদের কাছে ছুটে যাচ্ছে। অনেকে আবার সমবায় সমিতির নামে করছেন রমরমা সুদের কারবার। সম্প্রতি পিরোজপুরের জিয়ানগরের ভুক্তভোগী ব্যবসায়ী ও সচেতন নাগরিক সমাজ এক সুদ ব্যবসায়ীর হাত থেকে রেহাই পেতে মানববন্ধন করেছে।
সুদ ব্যবসায়ীদের শোষণের হাত থেকে গরিব শ্রেণিকে রক্ষা করতে এসএমই প্রকল্পকে আরও কার্যকর করা যেতে পারে। এতে যেমন একদিকে গ্রামীণ উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে, তেমনি সেখানে অনেক গরিব মানুষের কর্মসংস্থানও হবে। এ লক্ষ্যে সরকারের যথাযথ কর্তৃপক্ষের নজরদারি বাড়াতে হবে।
মো. রেদোয়ান হোসেন
শিক্ষার্থী, টাঙ্গাইল।