সুন্দরবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৭ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় জায়গা পাওয়া পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের ৬২ শতাংশ বিস্তৃত এই বাংলাদেশে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা—এই পাঁচ জেলার মানুষের কাছে প্রাকৃতিক দুর্যোগের ঢালস্বরূপ দাঁড়িয়ে আছে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবন। ২০০৭ সালের বিধ্বংসী সিডর ও মহাপ্রলয়ংকরী আইলা জানমালের অপূরণীয় ক্ষতিসহ সুন্দরবনের ব্যাপক ক্ষতি করে।
কিন্তু সুন্দরবনকে রক্ষা করার তেমন উদ্যোগ আমাদের মধ্যে নেই। একে তো রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে, অন্যদিকে সুন্দরবনের শ্যালা নদীতে তিন লাখ লিটার তেলবাহী এক কার্গো জাহাজডুবি এবং মরা ভোলায় ৬৭০ মেট্রিক টন এমওপি সারবাহী জাহাজডুবির ঘটনায় সুন্দরবন এখন ধুঁকছে। এসব ঘটনায় দীর্ঘমেয়াদি প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করে বিবৃতি দেয় জাতিসংঘের বন বিভাগসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ইউনেসকো উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দেয়। এরপর থেকে সুন্দরবন রুটে নৌযান চলাচল সরকার বন্ধ করে দিয়ে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছিল।
কিন্তু তারপরও সম্প্রতি প্রতিদিন ৮-১০টি তেলবাহী কার্গো জাহাজ চলাচল করছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, তেলবাহী কার্গো চলাচলে নিষেধাজ্ঞার ব্যাপারে সরকারের নির্দেশনা নেই।
চট্টগ্রাম থেকে গোপালগঞ্জ বিদ্যুৎকেন্দ্র হয়ে খুলনার দৌলতপুরে ডিপোতে জ্বালানি তেল নির্বিঘ্নে সরবরাহ করতে সুন্দরবন চ্যানেল ব্যবহারের অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কথা হচ্ছে, এমন একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ বন নিয়ে আমরা ছেলেখেলা করতে পারি না। সরকার বিষয়টি নিয়ে আন্তরিকভাবে চিন্তা করবে, সেটাই আমাদের আশা।
মো. আশিকুজ্জামান, ঢাকা।