বাংলাদেশ পৃথিবীর দরিদ্রতম দেশের একটি। কিন্তু মেধার দিক দিয়ে দেশটি অনেক এগিয়ে। বিভিন্ন সময় চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি ও গবেষকের বিশ্বের বিভিন্ন দেশে সাফল্যের খবরে আমরা গর্ববোধ করি। এই মেধা বিকাশের জন্য চাই উপযুক্ত পরিবেশ, চাই শিক্ষার সুলভ সুযোগ। আজও বাংলাদেশে প্রতি ১০ হাজারজনের মধ্যে একজন চিকিৎসকও নেই। তাই প্রত্যেক চিকিৎসকের কাছে গেলেই বিরাট লাইনে পড়তে হয়। চিকিৎসকেরাও হিমশিম খান রোগী দেখতে। সেভাবে পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে পারেন কি? তাঁরাও তো মানুষ। তাই দরকার আরও চিকিৎসক, দরকার আরও মেডিকেল কলেজ, দরকার সুলভে মেডিকেল শিক্ষা। প্রতিবছর সরকারি মেডিকেল কলেজ থেকে মাত্র দুই হাজার শিক্ষার্থী চিকিৎসক হতে পারেন!
বেশির ভাগ শিক্ষার্থীকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয়। নীতিমালা থাকা সত্ত্বেও বেসরকারি মেডিকেল কলেজগুলোয় নীতিমালা অনুসরণ না করে বহু গুণ বেশি টাকা ভর্তির জন্য নেওয়া হচ্ছে। মেডিকেল শিক্ষা হয়ে পড়েছে সম্পূর্ণ ব্যবসা। এটা তো কখনোই শুধু ব্যবসা হতে পারে না, সেখানে মানবিক দিকও থাকতে হবে। না হলে শিক্ষার্থীরাই বা কী শিখবেন? আমরা দেখতে পাচ্ছি, নামীদামি বেসরকারি মেডিকেল কলেজগুলোয় ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ভর্তি ফি নেওয়া হচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। অথচ একজন চিকিৎসক তৈরি করতে তাদের দু-তিন লাখ টাকার বেশি খরচ হয় না।
তাই ভর্তি ফি কমিয়ে অবিলম্বে ১০ লাখের ভেতরে আনা উচিত (যা আগের নীতিমালায় ছিল) এবং এটা বাধ্যতামূলক করা উচিত। তাহলে আমরা যেমন আরও অধিক পরিমাণে চিকিৎসক পাব, তেমনি মধ্যবিত্ত ঘরের মেধাবী শিক্ষার্থীরা, যাঁরা অল্পের জন্য সরকারি মেডিকেলে সুযোগ পাননি, তাঁরাও ভবিষ্যৎ গড়ে নিতে পারবেন।
জেসমীন চৌধুরী
ঢাকা।