রাজনীতির কূটকৌশল আমরা সাধারণ মানুষ বুঝি না আর বুঝতেও চাই না। আমরা শুধু বুঝতে পারি আমরা ভালো নেই, কারণ প্রতিমুহূর্তে আমরা রাজনীতির শিকার। আমি একজন এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক। আমি জানি, আমার মেয়েসহ প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা কী দুঃসহ সময় পার করছে। সামনে এইচএসসি পরীক্ষা। অন্ততপক্ষে এই পরীক্ষার্থীদের রেহাই দিন।
আমরা জানি না, এত অবরোধ আর হরতাল দিয়ে ২০ দল কী সুফল পেল! তারা জনগণের জীবন অতিষ্ঠ করে তুলেছে। পরিণামে রাজনীতি এবং রাজনৈতিক নেতাদের ওপর আমাদের ঘৃণাবোধ প্রবলতর হচ্ছে। আজ শিক্ষা, ব্যবসা-বাণিজ্য আর মানুষের জীবন হুমকির মুখে। প্রতিনিয়ত অর্থনৈতিক অবক্ষয়ের দিকে আমরা ধাবমান হচ্ছি। অথচ কারও কোনো বিকার নেই।
সামনে সিটি করপোরেশন নির্বাচন। আশা করি, এই নির্বাচনকে কেন্দ্র করে সব দলই সুবুদ্ধির পরিচয় দেবে। আশা করছি, বিএনপিসহ ২০-দলীয় জোট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে অবরোধ-হরতাল বন্ধ করবে। দেশের সামগ্রিক চিত্র দেখে বোঝাই যায় হরতাল বা অবরোধের কার্যকারিতা নেই বললেই চলে। এখন শুধু আমরা ভয়েই থাকি, কখন না কোনো অঘটন ঘটে যায়। এই নির্বাচনকে সুযোগ হিসেবে নিয়ে ২০-দলীয় জোট নিজেদের অহংবোধ থেকে সরে এসে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে সুস্থ রাজনীতিতে ফিরে আসবে। আর সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, নির্বাচনটি যেন সুষ্ঠুভাবে এবং সব দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
মুনিরা চৌধুরী, ধানমন্ডি, ঢাকা।