সুস্থ থাকতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসেছে জ্যৈষ্ঠ মাস। বাজারজুড়ে এখন রসাল আর সুস্বাদু ফলের সমাহার। কিন্তু নিশ্চিন্ত মনে সন্তানদের খাওয়াতে পারছি না এসব লোভনীয় ফল। জ্যৈষ্ঠ মাসে আম-জাম-কাঁঠাল-কলা-লিচু-পেঁপে এগুলো স্বাভাবিকভাবেই পাকার কথা। কিন্তু আগাম মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ী এসব ফল পাকানোর কাজে মানবদেহের জন্য ক্ষতিকর ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করছে।
অন্তঃসত্ত্বা নারীরা কার্বাইড দিয়ে পাকানো ফল খেলে বিকলাঙ্গ ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশু জন্মের ঝুঁকি থাকে। এতে যকৃৎ ও কিডনির স্থায়ী ক্ষতি, ক্যানসারসহ আরও নানা জটিল শারীরিক সমস্যা দেখা দেয়। নানা রকম রাসায়নিক পদার্থের বিষক্রিয়ায় এ দেশের সাধারণ জনগণ বিনা কারণে এক বিশাল স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে।
বিদ্যমান কার্বাইড বিধিমালা অনুযায়ী শিল্পক্ষেত্রের বাইরে যেকোনো নাগরিক চার কেজি পর্যন্ত কার্বাইড পরিবহন, মজুত ও যেকোনো কাজে ব্যবহার করতে পারবে। এ সুযোগটিই কাজে লাগাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। সাধারণত ওয়েল্ডিং কারখানায় লোহা ঝালাইয়ের কাজে ব্যবহৃত এসিটিলিন গ্যাসের উপাদান হিসেবে ক্যালসিয়াম কার্বাইড আমদানি করা হয়। অথচ ‘কার্বাইড বিধিমালা ২০০৪’-এর কতিপয় ত্রুটিপূর্ণ বিধানের কারণে খোলা বাজারে অহরহ হাতবদল হচ্ছে কার্বাইড।
আমরা নিশ্চিন্তে সুস্বাদু ফলের স্বাদ নিতে চাই। নিরাপদ খাবার খেয়ে সুস্থভাবে বাঁচতে চাই। এটুকু কি খুব বেশি চাওয়া? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে কী?
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।