বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশে প্রসবকালে ও প্রসব–পরবর্তী জটিলতার কারণে মাতৃমৃত্যুর হার বেশি। বাংলাদেশে এ হার প্রতি লাখে ১৭০ জন।
২০৩০ সালের মধ্যে বিশ্বে প্রসবকালে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ৭০ জনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত ১৭ মে প্রথম আলোয় ‘মাতৃমৃত্যুরোধে দেশে প্রশিক্ষিত মিডওয়াইফ দরকার’ শিরোনামে গোলটেবিল আলোচনা থেকে জানা যায়, প্রসবকালে মাতৃমৃত্যুর হার কমিয়ে আনতে তিন হাজার প্রশিক্ষিত ‘মিডওয়াইফ বা ধাত্রী’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মা ও শিশুস্বাস্থ্য নিয়ে প্রত্যক্ষভাবে কাজ করতে গিয়ে দেখেছি, শুধু দারিদ্র্য, স্বাস্থ্যকেন্দ্রের দূরত্ব, যাতায়াতের অসুবিধাই বাড়িতে বা অদক্ষ ব্যক্তির হাতে প্রসব করানোর কারণ নয়। দেখা গেছে দরিদ্র ব্যক্তিকে সম্পূর্ণ বিনা মূল্যে হাসপাতালে প্রসব করাতে চাইলেও তারা রাজি হয় না। আবার একজন মা কোথায় প্রসব করাবেন, সে ব্যাপারে নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। এ ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখেন স্বামী বা শ্বশুর-শাশুড়ি।
সরকারি-বেসরকারি পর্যায়ে সেবা প্রদানের জন্য সক্ষম প্রতিষ্ঠান তৈরিই যথেষ্ট নয়। নিরাপদ প্রসবের জন্য ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, প্রচার, স্বল্পমূল্যে সেবা পাওয়ার সুযোগ ও যাতায়াতের সুব্যবস্থা রাখা প্রয়োজন।
মাহফিদা দীনা রুবাইয়া
ঢাকা আহ্ছানিয়া মিশন।