সূত্রাপুর বাজার পুরান ঢাকার ঐতিহ্যবাহী ও পুরোনো একটি বাজার। বর্তমানে এই বাজারের অবস্থা খুবই খারাপ, কিন্তু দেখার যেন কেউ নেই। এই বাজারের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এটি ভেঙে নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছে। দীর্ঘ ছয়
মাস অতিক্রান্ত হওয়ার পরও সূত্রাপুর বাজারের নির্মাণকাজ বন্ধ করে ঠিকাদার অস্থায়ীভাবে ছোট ছোট দোকান করে ভাড়া দেওয়া শুরু করছেন।
এই ব্যবসা লাভবান হওয়ার কারণে নতুন করে সূত্রাপুর বাজারের নির্মাণকাজ কবে শুরু হবে, তা বলা মুশকিল। ইতিমধ্যে সেখানে পরিচ্ছন্নতাকর্মীদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। এখন অনেকটা খোলা আকাশের নিচে বসছে সূত্রাপুর বাজার, রোদ-বৃষ্টির মধ্যে বাজারের কাজ করতে ক্রেতাদের দুর্ভোগের শেষ নেই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবহেলার জন্য সূত্রাপুর বাজার এখন ঐতিহ্য হারাতে বসেছে। এতে এলাকাবাসী ও ক্রেতারা ক্ষুব্ধ হয়েছেন। মানুষ সূত্রাপুর বাজারকে দখলমুক্ত দেখতে চায়।
এ অবস্থায় জনস্বার্থে অবিলম্বে সূত্রাপুর বাজারের নির্মাণকাজ শুরু করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে অনুরোধ জানাই।
মাহবুব উদ্দিন চৌধুরী, ঢাকা।